উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল, যান চলাচল বন্ধ
রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসা উদ্ধারকারী জাহাজ প্রত্যয়’র ধাক্কায় পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) সেতুটিতে ফাটল তৈরি হয়েছে।
ঘটনার পর গতকাল সোমবার (২৯ জুন) সন্ধ্যা থেকে সেতুতে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, ‘সেতুর একটি জায়গায় ফাটল দেখা দেয়ায়, যানবাহন চলাচল স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার আমাদের বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
ট্রাফিক পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম বলেন, সেতুতে যান চলাচল বন্ধু করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার সকালে রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় ছোট আকারের লঞ্চ মর্নিং বার্ড। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে যাচ্ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, উদ্ধারকারী জাহাজের মাস্টার দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছতে যাওয়ার পথে সেতুতে আঘাত লাগতে পারে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন