এবার চবিতেও শুরু হতে যাচ্ছে অনলাইন ক্লাস
চবি প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাব্যবস্থায় সৃষ্টি হয়েছে ব্যাপক দূর্গতি। একারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আগামী ৬ সেপ্টেম্বর থেকে চবিতেও শুরু হতে যাচ্ছে অনলাইন ক্লাস।
২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৫.৩০ টায় চট্টগ্রাম শহরস্থ চবির চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
সভায় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিংঅনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা,মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ অনলাইনে অংশগ্রহণ করেন।
করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে ডিনবৃন্দের সাথে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ডিনবৃন্দ এ ব্যাপারে তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং উপাচার্যের বক্তব্যের সাথে একমত পোষণ করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্মানিত ডিনবৃন্দ তাঁদের অধীনস্থ স্ব স্ব বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দের সাথে আলোচনা করে এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। অনলাইনে ক্লাস গ্রহণ সম্পর্কিত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
২৪ ঘণ্টা/এম আর/মেহেদি



আপনার মতামত লিখুন