আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:০৫ সন্ধ্যা
আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে দলীয় তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির কুতুবপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. তৈয়বুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, বিএনপির সাংগঠনিক পরিচয়ে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি থাকার অভিযোগ রয়েছে তৈয়বুর রহমানের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সব পদ স্থগিত করা হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তৈয়বুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার সখ্যতা ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে দলীয় তথ্য পাচারের অভিযোগও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার সব পদ স্থগিত করা হয়েছে।

Feb2
Feb2