রোনালদোর গোলের সেঞ্চুরি
জাতীয় দলের হয়ে বছরে প্রথমবার খেলতে নেমেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। সুইডেনের বিপক্ষে লক্ষ্যভেদ করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
সোলনায় মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে প্রথমার্ধের শেষ মিনিটে দেশের হয়ে শততম গোলটি করেন রোনালদো।
পায়ের সংক্রমণে শিরোপা ধরে রাখার মিশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনালদো। ফিরেই অপেক্ষার ইতি টানলেন তিনি। প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ১৬৫ ম্যাচে দারুণ এই কীর্তি গড়লেন জুভেন্টাস তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই, ১০৯টি।
২০০৪ সালে পর্তুগালের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছিলো ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর একে একে পৌঁছে যান শতকে।
কেমন ছিলো রোনালদোর এই একশো গোলের যাত্রা-
সুইডেনের বিপক্ষে করা গোলটিই আজীবন স্মরণীয় হয়ে থাকবে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দলের জার্সি গায়ে যে তার একশতম গোল এটি। তাই উদযাপনটা হওয়া চাই ব্যতিক্রম।
২০০৪ সালের ১২ জুন গ্রিসের বিপক্ষে প্রথম গোলের দেখা পান রোনালদো। এরপর একই বছর নেদারল্যান্ডস, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে স্কোর করেন এই পর্তুগিজ তারকা।
২০০৬ সালে জাতীয় দলের হয়ে ৬টি গোল করেন রোনালদো। এর মধ্যে সৌদি আরবের বিপক্ষে জাতীয় দলের হয়ে দশম গোলটি করেন এই পর্তুগিজ তারকা। সে ম্যাচে জোড়া গোল করেন রোনালদো।
এরপর ২০০৭ এ ৫টি গোল করেন রোনালদো। কাজাখাস্তানের বিপক্ষে আসে তার ক্যারিয়ারের বিশতম গোল। ২০১১ তে ডেনমার্কের বিপক্ষে ত্রিশতম গোল করেন রোনালদো। ২০১৩’তে নেদারল্যান্ডসের বিপক্ষে আসে তার ৪০তম গোল।
এরপর ২০১৪ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পর্তুগালের হয়ে পঞ্চাশতম গোল করেন রোনালদো।
২০১৬’তে হাঙ্গেরির বিপক্ষে ৬০তম গোলের দেখা পান সিআরসেভেন। সে ম্যাচে জোড়া গোল করেন এই পর্তুগিজ সুপারস্টার। এরপর এই হাঙ্গেরির বিপক্ষেই ২০১৭’তে ৭০তম গোল করেন রোনালদো।
২০১৮’তে মিশরের বিপক্ষে ৮০তম গোল করেন এই পর্তুগিজ সেনসেশন। আর গেলো বছরই লিথুনিয়ার বিপক্ষে চার চারটি গোল করেন রোনালদো। সে ম্যাচেই পর্তুগালের হয়ে ৯০তম গোলের দেখা পান সিআরসেভেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন