আজ দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা ইউসুফ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী
চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় তিনি মক্কার জিয়াদ হাসপাতালে ইন্তেকাল করেন।
১২ সেপ্টেম্বর ফজরের নামাজের পর মসজিদুল হারামে নামাজে জানাজা শেষে সকাল ৯টায় মক্কার সরায়ে মকবরায় মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।
মোহাম্মদ ইউসুফ চৌধুরী পবিত্র ওমরাহ পালনের জন্য ওই বছরের ৭ সেপ্টেম্বর মক্কা গিয়েছিলেন। পরদিন সকালে তিনি অসুস্থ হলে জিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়।
মোহাম্মদ ইউসুফ চৌধুরী ১৯২১ সালের ১৯ সেপ্টেম্বর রাউজানের ঢেউয়া হাজিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সংবাদপত্র শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখেন। ১৯৮৬ সালে তিনি দৈনিক পূর্বকোণ প্রকাশ করেন।
১৯৯২ সাল থেকে সক্রিয় ছিলেন ডেইরি ও পোল্ট্রি শিল্পের আন্দোলনে। ডেইরি ও পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন।
তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমনস্থল নিজ বাড়িতে কবির স্মৃতিচিহ্ন রক্ষা, নজরুল মেলা এবং নজরুল পাঠাগার স্থাপন করেন। বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সংগ্রামেও তিনি ভূমিকা রেখেছেন। চট্টগ্রামে ভেটেরিনারি কলেজ ও পরবর্তীতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয়।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন