ঢাকা-বরিশাল গামী লঞ্চের কেবিনে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
চট্টগ্রাম ডেস্ক: আজ সোমবার ভোরে ঢাকা-বরিশাল গামী লঞ্চের কেবিন থেকে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এমভি পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর সিঙ্গেল কেবিন থেকে উদ্ধার করা লাশটির প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত নারী বরিশাল অঞ্চলের নয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার সরকারি কমিশনার মো. রাসেল।
নিহত নারীর সাথে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ শনাক্ত করতে পারলেও তাকে এখনো গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
পারাবত লঞ্চ কোম্পানির স্থানীয় কর্মকর্তা মো. সেলিম জানান, গত রবিবার সন্ধ্যায় সদরঘাট থেকে কেবিন বুক দিলে ওই নারীর সাথে এক পুরুষ থাকে। যার রেজিস্ট্রারে নাম ছিল কামরুল
সোমবার ভোর পৌনে ৫টায় লঞ্চটি বরিশাল ঘাটে ভিড়লে সকল যাত্রী নেমে পড়লেও কেবিনে থাকা ও নারী না নামায় কেবিন বয়রা ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা নৌ পুলিশকে খবর দেয়।
এদিকে, পারাবত-১১ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো. শামীমের সন্দেহের তীর নিহত নারীর সাথে থাকা পুরুষটির উপর।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জাকারিয়া রহমান জানান, লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীর সাথে থাকা সন্দেহভাজন পুরুষ ব্যক্তিকে পুলিশ শনাক্ত করেছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করে বিভিন্ন বাস টার্মিনালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের সহ অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বরিশাল সিআইডি’র ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক আল-মামুনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ওই নারীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ওই নারীর সাথে থাকা ব্যাগ, মাস্ক এবং ওড়নাও সন্দেহভাজন ওই ব্যক্তি নিয়ে গেছে।
২৪ঘণ্টা/এন এম রানা


আপনার মতামত লিখুন