ওমানে ২৫ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন রাউজানের মহররম
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : শারীরিক অসুস্থতা নিয়ে টানা ২৫ দিন ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাউজানের প্রবাসী মো. মহররম (৪০)। কিন্তু চিকিৎসকের সব প্রচেষ্টা ব্যর্থ করে সালতানাত অব ওমানের ছুর হাসপাতালে বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ১২ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মহররম উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান (মাঝিপাড়া) গ্রামের মরহুম এজাহার মিয়ার পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রবাসী ওসমান গণী বাবলু জানান, মাস খানেক আগে মহররম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ছুর হাসপাতারে ভর্তি হয়। সেখানে করোনার উপসর্গ সর্দি-কাশি, জ্বর হলে ডাক্তারের পরামর্শে করোনা টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে। চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হয়। কিছুদিন পর আবারও শারীরিক অবস্থা খারাপ হলে কিডনী পরীক্ষা করলে দেখা যায় মহররমের দুটো কিডনী ড্যামেজ হয়ে গেছে। যার কারণে ডাক্তারদের অনেক চেষ্টা পরেও তাকে বাঁচানো গেল না। তার লাশ দেশে নিয়ে আসা হবে না-কি সেখানেই দাফন করা হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে জানান তিনি।
মহররমের ছেলে মো. আরফাত জানান, বছর দুয়েক আগে বাবা বাড়ি থেকে ওমান গিয়েছিল। সেখানে অ্যালুমিনিয়ানের দোকানে কাজ করত। অসুস্থতার কারণে অনেকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাঝখানে কিছুটা সুস্থ হয়েছিল। আমাদের এতিম করে গতকাল রাতে না ফেরার দেশে চলে গেলেন। বাবা বলে আর ডাকতে পারবো না।
মারা যাবার আগে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। হঠাৎ তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
২৪ ঘণ্টা/খালেক


আপনার মতামত লিখুন