ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে (মিল্টন)। আর সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।
রোববার রাতে বিএনপির সহ–দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই শাখায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।
শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।
এস এম জাহাঙ্গীর হোসেন ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।



আপনার মতামত লিখুন