বদলে গেছে সুবর্ণ এক্সপ্রেসের চেহারা, নতুন রূপে যাত্রা শুরু
ডেস্ক নিউজ : সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পুরাতন সাদা রঙের বগি সরিয়ে ইন্দোনেশিয়া থেকে আনা লাল-সবুজের নতুন বগি যুক্ত করা হয়েছে। ৯০ এর দশকের শেষদিকে চালু হওয়া বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি এবার চেহেরা বদলে নতুন রুপে যাত্রা শুরু করেছে।
তবে গন্তব্য আগের মতোই ঢাকা থেকে চট্রগ্রাম এবং চট্রগ্রাম থেকে ঢাকা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৭টায় নতুন চেহারায় চট্টগ্রাম ছেড়ে গেছে বিরতিহীন ট্রেনটি।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী।
ট্রেনকে আধুনিক ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের অনেক পদক্ষেপের মধ্যে এটিও একটি পদক্ষেপ বলে মন্তব্য করে সরদার সাহাদাত আলী বলেন, পুরনো রেক সরিয়ে নতুন রেক যুক্ত হওয়ায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি পুরোপুরি নতুন রুপ নিয়েছে। এখন থেকে যাত্রীদের ভ্রমণ আরও উন্নত হলো।
রেলওয়ে সূত্রে জানা গেছে এর আগে ২০০৬ সালে চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে সাদা চায়না বগি যুক্ত হয়। ১৪ বছর পর এসব সাদা বগি সরিয়ে ইন্দোনেশিয়ার লাল-সবুজের বগি যুক্ত হয়েছে। তবে আগের মতো ১৮/৩৬ লোডে কাজ করবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন।
এতে এসি চেয়ার আছে ৮টি, শোভন চেয়ার ৭টি। এ ছাড়া শোভন চেয়ার, গার্ড ব্রেক, ডাইনিং মিলিয়ে দুটি (যেখানে আগে চাইনিজ সাদা রেকে একটি এসি গার্ড ব্রেক কাজ করত)। পাওয়ার কার আছে একটি।
তবে নতুন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা ৯টি কমেছে। আগে যেখানে ৮৯৯টি ছিল, সেখানে নতুন রেকে ৮৯০টি আসন রয়েছে।
রেলওয়ে থানার ওসি কামরুল হাসান জানান, ইন্দোনেশিয়া থেকে সুবর্ণ এক্সপ্রেসের জন্য ১৮টি নতুন কোচ আমদানি করা হয়। কোচগুলোর রঙ লাল-সবুজ। গত ২৫ অক্টোবর থেকে নতুন বগির সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হয়। আজ মঙ্গলবার সকাল ৭টায় ট্রেনটি নতুন রূপে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
২৪ ঘণ্টা/রাজীব


আপনার মতামত লিখুন