করোনায় দেশে আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৩৩, সুস্থ ১৭১৫
২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৩৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১২৭ জন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিডের ২৪৪তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫২৪ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও তিন জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে সাত জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৪৩ হাজার ১৩১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন