খুঁজুন
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার রেখে যাওয়া কাজ শেষ করবেন নতুন নির্বাচিত পর্ষদ: সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ
আমার রেখে যাওয়া কাজ শেষ  করবেন নতুন নির্বাচিত পর্ষদ: সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন কর্পোরেশনের নতুন নির্বাচিত পর্ষদ নাগরিক সেবার ক্ষেত্রে তিনি যেসব কাজ শেষ করে যেতে পারেননি তা তাঁরা সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি আজ রোববার সকালে নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী অফিসে তাঁর দপ্তরে কর্পোরেশনের বিভাগীয় প্রধানদের সভায় এই আকাঙ্খা প্রকাশ করেন। এসভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, চসিক আঞ্চলিক অফিস জোন-৬ এর প্রধান নির্বাহী আফিয়া আকতার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন কবির চৌধুরী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন তাঁর দায়িত্বকালে সহযোগিতা করায় চসিকের বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান।

তিনি বলেন,আমি আমার দায়িত্বকালে নগরীর প্রধানতম সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সাধ্যমত চেষ্টা করেছি। ১৭ টি খাল পরিস্কার করে পানি প্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি মশার প্রজনন ধ্বংসে ওষুধ ছিটানোর ব্যবস্থা নিয়েছি। ৬ মাসের দায়িত্বকালে আমার নাগরিকসেবার কার্যক্রমে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগীতা করেছেন। তাদের সহযোগীতায় আমি নগরবাসীর আকাঙ্খা অনুযায়ী সেবা দেয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি সবার আন্তরিক প্রয়াস ও আমার ঐকান্তিক চেষ্টায় নগরবাসী জনপ্রতিনিধিদের ব্যাপারে আশাবাদি হবেন।

সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার করোনা মহামারির টীকা চট্টগ্রাম এসে পৌঁছেছে বলে প্রশাসককে অবহিত করেন। যা এখন চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের কেন্দ্রীয় স্টোরে সংরক্ষিত আছে। আগামীকাল (১ ফেব্রুয়ারি) চসিকের ৩১ জন স্থাস্থ্যকর্মী ও ইপিআই কর্মী কোভিডের টীকা প্রদানে তাদের প্রশিক্ষণ শুরু করবেন। প্রশিক্ষন শেষে তারা টীকা প্রদান কার্যক্রমে অংশ নিবে।
উল্লেখ্য সরকারি পর্যায়ে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনার টীকা দেয়ার কর্মসূচি শুরু হবে।

মুসলিমাবাদ খাল পরিস্কার করলো চসিক

মুসলিমাবাদ খাল পরিস্কার করলো চসিক

নগরীর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়া এলাকার ৪০ নং ওয়ার্ডের মুসলিমাবাদ খাল পরিস্কার শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবক ও শ্রমিকরা আজ রোববার সকালে এই পরিচ্ছন্ন কার্যক্রম চালান।

গতকাল শনিবার সকালে ওই এলাকা পরিদর্শনে গিয়ে খালে ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিক চসিকের পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশ দেন খালটি পরিস্কারের। পরিচ্ছন্নতা কাজে ড্রাম ট্রাক, এসকেভেটর, ও শতাধিক শ্রমিক ও পরিচ্ছন্ন সেবক নিয়োজিত ছিল।

চসিকের উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী জানান প্রশাসক মহোদয় এ পর্যন্ত ১৭ টি খাল আমাদের বিভাগের শ্রমিক সেবকদের দিয়ে পরিস্কার করিয়েছেন। আশাকরি নগরবাসী পরিস্কার করা খালগুলো পরিস্কার রাখতে সহযোগীতা করবেন। কারণ অপরিস্কার থাকলেন,গৃহস্থালী বর্জ্য ফেললে খালে মশার বংশ বিস্তারের পাশাপাশি পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হয়।

Feb2

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে সৃষ্ট সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, জ্বালানি সক্ষমতা যে কতটা গুরুত্বপূর্ণ তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্পষ্ট। নিজস্ব শোধনাগার না থাকায় অপরিশোধিত তেল থাকা সত্ত্বেও বিদেশ থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো এই কোর্সে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী ফেলোরা জানান, কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

জ্বালানি সংকট নিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমাদের দেশে একটি মাত্র রিফাইনারি (ইস্টার্ন রিফাইনারি) রয়েছে যা চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকারের কাজ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানাল, এ লক্ষ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক, গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এ সময় কর্মসূচিটি কীভাবে সারাদেশের পড়ুয়াদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এর আগে গত ৭ এপ্রিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।