১০ আগস্ট পর্যন্ত বাড়লো চলমান বিধিনিষেধ
করোনাভাইরাসের সংক্রমন রোধে আরও পাঁচ দিন (১০ আগস্ট পর্যন্ত) বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর থেকে সকল অফিস আদালত, গণপরিবহন ও দোকানপাট খুলে দেওয়া হবে।
আজ (৩ আগস্ট) মঙ্গলবার, সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা মানুষের চলাচল সহজ করে দেব। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেক বেশি কঠোর হব। আগামী সাত দিনে আমরা ১ কোটি লোককে ভ্যাকসিন দেব। ১৪ হাজার কেন্দ্রের মাধ্যমে মানুষকে ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে।
তিনি আরও বলেন, এক্ষেত্রে আমরা বয়স্কদের অগ্রাধিকার দেব। আশা করি সকলে নিজ দায়িত্বে কেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহণ করবেন। প্রতিটি ইউনিয়নে দুইটি করে কেন্দ্র থাকবে, আর সিটিতে থাকবে ৫/৬টি কেন্দ্র।
মন্ত্রী বলেন, ১১ তারিখে সকল পর্যায়ের মানুষ যারা কাজ করছেন তারা ভ্যাকসিন নেবেন এবং সনদ নিয়ে কাজে যোগ দেবেন। দেশের আঠারো বছরের উপরে সকল নাগরিক ভ্যাকসিন নেবেন। যারা স্বাস্থ্যবিধি মানবেন না তাদের মানাতে প্রয়োজনে আইন প্রণয়ন করা হবে। আমরা জানিনা করোনার সংক্রমন কবে কমবে। কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে।


আপনার মতামত লিখুন