খুঁজুন
, ,

কালের স্বাক্ষী সিআরবি; এ ঐতিহ্য রক্ষার দায়িত্ব সরকারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 5 August, 2021, 10:07 pm
কালের স্বাক্ষী সিআরবি; এ ঐতিহ্য রক্ষার দায়িত্ব সরকারের

সাইফুল ইসলাম চৌধুরী:

চট্টগ্রাম শহর ভালো নেই। ভালো নেই এ শহরের মানুষগুলো। চারিদিকে দুঃসংবাদ। একদিকে মৃত্যুর মিছিল আর করোনা রোগিদের অসহায় আত্মসমর্পণ। হাসপাতালে আইসিউ সিট খালি নেই, অক্সিজেনের সংকট, করোনা ইউনিটে অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা; এসব নিত্যকার সংবাদ চট্টগ্রামের মানুষের মনে ক্রমশ হাহাকার বাড়াচ্ছে। অন্যদিকে বন্যা, পাহাড় ধস, ডেঙ্গু ও চিকনগুনিয়ার আক্রমণে সর্বত্র এখন আতংক। ঘোর অন্ধকারাচ্ছন্ন। কোথাও আশার আলো নেই। এসব দুঃসংবাদের মাঝে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির উপর উড়ে এসেছে কালো মেঘের ঘনঘটা; চট্টগ্রামের ফুসফুস সিআরবিতে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের অযৌক্তিক সিদ্ধান্ত। এমন ষড়যন্ত্রমূলক সিন্ধান্তে দেশের একজন সচেতন নাগরিক ও বৃক্ষপ্রেমি হিসেবে আমি গভীরভাবে উদ্বিগ্ন। হাসপাতাল নির্মাণ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মাতৃবৃক্ষ ধ্বংসের আত্মঘাতী সিন্ধান্ত নিয়ে নয়।

বলে রাখা ভালো, খাওয়া-দাওয়া জায়েজ কিন্তু নামাজ পড়া অবস্থায় হারাম। নামাজ নিঃসন্দেহে উত্তম ইবাদত কিন্তু জুমার খুতবা চলাকালীন নিষেধ। কুরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত কিন্তু ঘুমন্ত মানুষের ঘুম নষ্ট করে নয়। এগুলো ইসলামি দৃষ্টিভঙ্গি হলেও বাস্তবতার সাথে শতভাগ মিল। কারণ ইসলাম কর্মময় ধর্মের নাম। অতএব মানুষের কল্যাণে হাসপাতাল হোক কিন্তু মহান আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক হাসপাতাল ধ্বংস করে নয়। কারণ সিআরবি স্বয়ং নিজেই একটি হাসপাতাল। পাহাড়ঘেরা সবুজের সমারোহ।বৃটিশরা এদেশ দখলে নেওয়ার পর চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বিবেচনা করে বৃটিশ সরকারের প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয় চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও চট্টগ্রাম বন্দরের পরিবহন সুবিধাকে রেলওয়ের সাথে সমন্বিত করার প্রয়াসেই ১৮৯৯ সালে সিআরবি প্রতিষ্ঠা করে। আরেকটু এগিয়ে বললে, ১৮৭০ সালে কদমতলী, টাইগারপাস, পাহাড়তলীর বিস্তীর্ণ এলাকাসহ কমিশনারের বাংলোটিলা, সার্কিট হাউস, জমিয়াতুল ফালাহ, স্টেডিয়াম, চট্টগ্রাম ক্লাব, নেভাল এভিন্যু, লালখান বাজার ও অন্যান্য স্থানসহ ২০৯ একর ভূমি নিয়ে পুরাতন ক্যান্টনমেন্টের আওতাভুক্ত করে সামরিক এলাকায় পরিণত করা হয়। রেলওয়ের প্রতিষ্ঠার পর ১৮৯৩ সালে তার গেজেট মূলে ঐ ভূমি থেকে ১৬০ একর জমি রেলওয়ের নিকট হস্তান্তর করা হয়। এবং এই হস্তান্তরকৃত ভূমিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠা করা হয় সিআরবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলো, ক্লাব ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনা। কিন্তু কালের বিবর্তনে সবকিছুকে চাপিয়ে সিআরবি পরিনত হয়েছে এক পরম শান্তিনিকেতনে। সিআরবি নামটি মুখে আনলেও অন্তরে একধরনের প্রশান্তির নহর জারি হয়।

উঁচু-উঁচু দালানকোঠার এ যান্ত্রিক শহরে, বায়ুদূষণ ও যানজটের নগরে একটু ফ্রেশ হাওয়া, স্বস্তির নিশ্বাস যেন সোনার হরিণ! আর এ সোনার হরিনের সন্ধান মিলে ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষী সিআরবিতে। বেঁচে থাকার লড়াইয়ে একটু অক্সিজেন যে, কতবড় হাতিয়ার তা বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বছরের পর বছর সিআরবি’র মাতৃবৃক্ষগুলো আমাদেরকে এ অমূল্য সম্পদ অক্সিজেন পরম মমতায় ফ্রিতে দিচ্ছে বলে হয়তো কোন কোন বড়কর্তার কাছে এটা মূল্যহীন। তাই হয়তো সিআরবি ধ্বংসের এ নীলনকশা!সিআরবি’র পুরো এলাকার পরতে পরতে অসংখ্য শতবর্ষী গাছের সারিবদ্ধ লাইন। যে গাছের ছায়া সুশীতল করে মুগ্ধতা ছড়ায় দর্শনার্থীদের মনে। সিআরবি’র অন্তর্ভুক্ত এরিয়ার আঁকা-বাঁকা সর্পিল রাস্তা, উঁচু-নিচু পাহাড়-টিলা আর বন-জঙ্গলে সবুজের সমারোহ। সবুজ বটবৃক্ষ আর পাহাড়ঘেরা এ মনোরম পরিবেশ যুগ যুগ ধরে দেশ-বিদেশের মানুষকে দিয়ে আসছে একধরনের নির্মল শান্তি। বলাচলে এটা একটা অঘোষিত পর্যটন স্পট। এ প্রাকৃতিক গিফট রক্ষার আন্দোলনে সর্বমহলের ইনভলবম্যান্ট জরুরি। সিআরবি’র সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি হলো শীরিষতলা আর খেলার মাঠ। প্রতিদিন যে স্থান শতপ্রাণের আড্ডায় মুখরিত হয়। গোল-গোল আর চার-ছক্কার শব্দে পুলকিত হয় শত কিশোরাত্মা। ইতিহাস ঐতিহ্যে মজে যাওয়ার সাথে সাথে পড়ন্ত বিকালে প্রিয়জনের কাধে হাত রেখে হারিয়ে যাওয়া কিংবা পরিবার নিয়ে জমিয়ে আড্ডা দেওয়ার উপযুক্ত স্থান একমাত্র এটিই। সিআরবি পাহাড়ের উপরে রয়েছে হাতির বাংলো। পাহাড়ের উপরের বাংলো থেকে চট্টগ্রাম শহরটাকে স্পষ্ট দেখা যায়। যা পর্যটকদের সবচেয়ে বেশি বিমোহিত করে। নগরবাসীর চিত্তবিনোদনের পাশাপাশি নির্মল বায়ু, সবুজের লীলা, মাতৃবৃক্ষের ছায়ার এ স্থান যেন শ্বাসক্রিয়া গ্রহণের একমাত্র জায়গা। অবশ্য নিকট অতীতে সিআরবি নিয়ে কিছু মিশ্র-প্রতিক্রিয়া থাকলেও এটি কালজয়ী ইতিহাসের জীবন্ত স্বাক্ষী। সিআরবি হাজারো মানুষের আবেগ-অনুভূতি ও ভালোলাগা ভালোবাসা; কবি-সাহিত্যিকের কবিতা-প্রবন্ধের কথামালা; রোদবৃষ্টির লুকোচুরিতে প্রকৃতির সাথে প্রেমালিঙ্গণ। তাই আমার কাছে সিআরবি মানে নিছক কোন পর্যটন স্পট নয়; বরং পাহাড়সম দুঃখের মাঝে এক পশলা শান্তি। চিন্তার রাজ্য থেকে বেরিয়ে সমাধানের পথ। শতবর্ষী মাতৃবৃক্ষের বাতাস যেন বাঁচার অবলম্বন।সারা পৃথিবী যখন গাছ লাগান, পরিবেশ বাঁচান শ্লোগানকে জীবনের অপরিহার্য আর্ট হিসেবে নিয়েছে তখন চট্টগ্রামের শ্বাসক্রিয়া সিআরবি’র মাতৃবৃক্ষ ধ্বংসের ষড়যন্ত্রের সাথে জড়িত খলনায়কদের মুখোশ উন্মোচন সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী যখন জনপ্রতি অন্তত তিনটি (ফলজ, বনজ ও ঔষুধী) গাছ লাগানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করছেন ঠিক তখনই সবুজের লীলাভূমি সিআরবি নিয়ে এ দুরভিসন্ধি গভীর ষড়যন্ত্রের বার্তা দেয়। একদিকে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর মা মাছ রক্ষায় ব্যয়বহুল ব্যবস্থাপনা। অন্যদিকে সিআরবি’র মাতৃবৃক্ষ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের উদাসীনতা। এক শহরে দুই নীতি কেন? এ পারশিয়ালিটি বীর চট্টলার মানুষকে ভাবাচ্ছে। চট্টগ্রামের ১০১ বিশিষ্ট নাগরিকের বিবৃতিতে বলা হয়, “এই ইট-পাথরের উঁচু দালান আর শিল্প প্রতিষ্ঠানের ভিড়ে শতবর্ষী বৃক্ষে ঘেরা সিআরবিকে এক টুকরো অক্সিজেন প্ল্যান্ট বলা চলে।

পাহাড়ের মধ্যে প্রাকৃতিক শোভামন্ডিত এলাকায় হাসপাতাল নির্মাণ করতে গেলে শতবর্ষী অনেক গাছ কাটা পড়ার পাশাপাশি এখানকার সবুজ নিসর্গ ধ্বংস হয়ে যাবে। হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থানে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুর রবের কবর, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এই মাটি শহীদের স্মৃতিধন্য। ব্রিটিশবিরোধী আন্দোলনে সিআরবি তথা পাহাড়তলী ছিল বিপ্লবের সূতিকাগার। সেসব স্মৃতি সংরক্ষণে রেল উদ্যোগ নেয়নি। অথচ শহীদের কবর, শহীদের নামে কলোনি, শহীদের নামে যে সড়ক সেই জমি তারা বেসরকারি হাসপাতালকে বরাদ্দ দিয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, “বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে পরিচালিত করছেন। তার সুশাসনকে কলঙ্কিত করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কতিপয় ষড়যন্ত্রকারী আমলা রেলের জায়গায় বেসরকারি হাসপাতাল প্রকল্পের দুঃসাহস দেখিয়েছেন। সিআরবি এলাকায় এই প্রকল্প স্থাপিত হলে সেটির নেতিবাচক প্রভাব শুধু প্রকল্পের নির্দিষ্ট স্থানেই সীমিত থাকবে না। সময়ের প্রয়োজনে এই প্রকল্প এলাকা ঘিরে নতুন স্থাপনা গড়ে উঠবে। যার ফলে পরিবেশ দূষণ ঘটবে। পুরো এলাকার প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে। এ অবস্থায় আমরা চট্টগ্রামবাসীর পক্ষে সরকারের কাছে দাবি জানাচ্ছি, চট্টগ্রামের ঐতিহাসিক প্রাকৃতিক ঐতিহ্য ও বন্দরনগরীর ফুসফুসখ্যাত সিআরবিতে শুধু হাসপাতাল নয়, কোনও ধরনের স্থাপনা করা সমীচীন হবে না। প্রকৃতি ও পরিবেশ বিনাশী সব কর্মকাণ্ড হবে আত্মঘাতী। চট্টগ্রামের ফুসফুস ও বুকভরে নিঃশ্বাস নেওয়ার স্থানটিকে ঐতিহ্য হিসাবে সংরক্ষণের মাধ্যমে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।”

দেশমাতৃকা রক্ষা ও স্বাধিকার আদায়ের প্রায় সবকটি আন্দোলনের সূতিকাগার এ বীর চট্টলা। চট্টগ্রামের মানুষ প্রাকৃতিকভাবে আন্দোলনমূখর। আমরা আন্দোলনকে ভয় করিনা; বরং এনজয় করি। প্রায় দু’সপ্তাহ ধরে চলমান সিআরবি বাঁচাও গণ-আন্দোলন। প্রয়োজনে সর্বমহলের এ আন্দোলন আরও দীর্ঘ হবে, হবে কঠোর কঠিন। বীরপ্রসবিনী চট্টগ্রামের মানুষ জানে কীভাবে দাবি আদায় করতে হয়। মানুষের সেবার উদ্দেশ্যে গড়া প্রতিষ্ঠান অবশ্যই মানুষের কল্যাণ ও মতামতের ভিত্তিতে হওয়াটাই যুক্তিযুক্ত। এক্ষেত্রে সিআরবিতে হাসপাতাল নির্মানের ইস্যুতে জনগণের মতকে প্রাধান্য দিলেই জনস্বার্থ রক্ষা হবে। উল্লেখ্য, সিআরবি’র ছয় একর জমিতে ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল এবং ১০০ শয্যার মেডিক্যাল কলেজ নির্মাণে এক বেসরকারি কোম্পানির সঙ্গে গত ১৮ মার্চ রেলওয়ে একটি চুক্তি করে। অথচ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঐতিহাসিক স্থাপনা ও পরিবেশগত সংরক্ষিত এলাকায় তালিকায় রয়েছে সিআরবি। তাই সিআরবি সংরক্ষণ করা জরুরি। সিরআরবি এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করলে শত বছরের অধিক পুরোনো গাছ কাটতে হবে। এতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। এছাড়া সিআরবির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাই প্রকল্পটি সিআরবি এলাকা থেকে পরিবর্তন করে পরিবেশের ক্ষতি হবে না, চট্টগ্রাম নগরীর এমন স্থানে স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকারি আমলার হামলায় আমাদের প্রাণের সিআরবি ধ্বংস করতে দেবে না বীর চট্টলা। চট্টগ্রামের মানুষের প্রাকৃতিক সম্পদ সিআরবি কোন স্বার্থান্বেষী মহলকে বানিজ্যিক কেন্দ্র বানাতে দেওয়া হবে না। এ মহামূল্যবান সম্পদ রক্ষার দায়িত্ব সরকারের।

লেখক: প্রাবন্ধিক ও সংগঠক
সাইফুল ইসলাম চৌধুরী
প্রতিষ্ঠাতা: আলো একাডেমি, চট্টগ্রাম।

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।