টেকনাফ সৈকতে ভেসে এলো বিশাল মৃত তিমি
কক্সবাজারের টেকনাফ শামলাপুর সমুদ্রসৈকতে জোয়ারে ভেসে এসে বালিয়াড়িতে আটকা পড়েছে বিশাল একটি তিমির মৃতদেহ।
শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার পরে তিমির মৃতদেহটি জেলেদের চোখে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে।
পরে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন জালাল উদ্দীন চৌধুরী নামের এক পরিবেশ কর্মী। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। রাত ১০ টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীসহ একটি টিম।
ইউএনও পারভেজ চৌধুরীর সাথে উপজেলা প্রাণী কর্মকর্তা শওকত আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ এ সময় বনবিভাগ, স্থানীয় পুলিশ, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে খবর পেয়েছি। উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
উল্লেখ্য, গত তিন মাস আগে হিমছড়ি সৈকতে দুটি বিশাল মৃত তিমি ভেসে এসেছিল।
এন-কে


আপনার মতামত লিখুন