খুঁজুন
, ,

বিজ্ঞানের ‘অস্কার’ পেলেন চেন্নাইয়ের শঙ্কর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 September, 2021, 10:07 am
বিজ্ঞানের ‘অস্কার’ পেলেন চেন্নাইয়ের শঙ্কর

ভারতের চেন্নাই প্রদেশের সন্তান ব্রিটিশ নাগরিক শঙ্কর বালসুব্রহ্মণ্যমকে এ বছর দেওয়া হলো ৩০ লাখ ডলার মূল্যের ‘ব্রেকথ্রু পুরস্কার’। ডিএনএ-র জটিল রহস্য অত্যন্ত দ্রুত গতিতে ভেদ করার উপায় বাতলানোর জন্য রসায়নবিদ শঙ্কর পেলেন বিজ্ঞানের গবেষণায় শীর্ষস্তরের স্বীকৃতি।

রুশ বিজ্ঞানী ও ধনকুবের ইউরি মিলনার, সের্গেই ব্রিন ও ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গের সংস্থার দেওয়া ‘ব্রেকথ্রু পুরস্কার’ অর্থমূল্যে নোবেল পুরস্কারের চেয়েও দামি। তাই একে বিজ্ঞানের ‘অস্কার’ বলা হয়। গত বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।

গণিত ও জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়েছে আরও ৫ জনকে। শঙ্করই তাঁদের মধ্যে একমাত্র ভারতীয় বংশোদ্ভূত। তবে এর আগে এই ব্রেকথ্রু পুরস্কার প্রথম ভারতীয় হিসেবে পেয়েছিলেন অধ্যাপক অশোক সেন। তিনি ২০১২ সালে পদার্থবিজ্ঞানে অবদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন।

অত্যন্ত দ্রুত গতিতে ডিএনএ’র রহস্যভেদের জন্য এ বছর শঙ্কর পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন আর এক ব্রিটিশ রসায়নবিদ ডেভিড ক্লেনারম্যানের সঙ্গে। দু’জনেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পুরস্কারের বাকি অংশ পেয়েছেন ফরাসি সংস্থা ‘আলফানোসোস’-এর কর্ণধার পাসকাল মায়ার। কত দ্রুত গতিতে জিনোমের সিকোয়েন্স করা যায় তার উপায় বাতলানোর জন্য। যা হয়ে উঠবে আগামী প্রজন্মে মানুষের জিনোম সিকোয়েন্সিংয়ের প্রধান প্রযুক্তি।

চেন্নাইয়ে ১৯৬৬ সালে জন্ম নেন শঙ্কর। জন্মের দু’বছরের মাথায় শঙ্করকে নিয়ে তাঁর বাবা-মা চলে যান ব্রিটেনে। শৈশব কাটে চেশায়ারের একটি গ্রামাঞ্চলে। ভর্তি হন ডারেসবারি প্রাইমারি স্কুলে। পরে পড়তে যান অ্যাপ্‌লটন হাই স্কুলে। পরে স্কুলটির নাম বদলে হয়েছে ব্রিজওয়াটার হাই স্কুল। শঙ্কর তারপর যান কেমব্রিজের ফিট্‌জউইলিয়াম কলেজে ন্যাচারাল সায়েন্সে ট্রাইপস করতে। মাস্টার্সের পর সেখানেই শঙ্কর পিএইচডি করেন বিশিষ্ট অধ্যাপক বিজ্ঞানী ক্রিস অ্যাবেলের তত্ত্বাবধানে।

গবেষণা শেষ করে শঙ্কর ১৯৯১ সালের শেষের দিকে ন্যাটো অন্তর্ভুক্ত দেশের রিসার্চ ফেলো হিসাবে যান আমেরিকায়। গবেষণা করেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে। তারপরেই ব্রিটেনে ফিরে যোগ দেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে। ধাপে ধাপে হন অধ্যাপক। হন রয়্যাল সোসাইটির সদস্য। ২০০৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিসিনাল কেমিস্ট্রি বিভাগের অত্যন্ত সম্মাননীয় হার্শেল স্মিথ চেয়ার প্রফেসর হন শঙ্কর। রানির কাছ থেকে ২০১৭ সালে পান ‘নাইটহুড’ খেতাবও। ২০১৮ সালে পান রয়্যাল মেডেল।

এখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষণাগারগুলোর তিনি অধিকর্তা। বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার গবেষণা বিভাগেরও প্রধান শঙ্কর বালসুব্রহ্মণ্যম।

২০১২ সালে সদস্যপদ দেওয়ার সময় শঙ্কর সম্পর্কে রয়্যাল সোসাইটি বলেছিল, ‘নিউক্লিক অ্যাসিড নিয়ে গবেষণায় শঙ্কর একজন পথপ্রদর্শক এই সময় ও পরবর্তী প্রজন্মের গবেষকদের কাছে।’

ব্রেকথ্রু পুরস্কার কমিটি বৃহস্পতিবার তার ঘোষণায় বলেছে, ‘শঙ্কর ও তাঁর সহযোগী পুরস্কারপ্রাপকদের কাজ, তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি মানুষের গোটা জিনোমকে বুঝে ফেলার গতি অন্তত ১০ লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। যে কাজটা করতে আগে লাগত এক দশকেরও বেশি সময়, তা এখন এক ঘণ্টায় করে ফেলা সম্ভব হচ্ছে। তা মাত্র ১ হাজার ডলার খরচ করে।’

জীববিজ্ঞানে অবদানের জন্য এ বছর যে তিনজনকে ব্রেকথ্রু পুরস্কার দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বায়োএনটেকের অধ্যাপক ক্যাটলিন কারিকো। তিনি ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট চিকিৎসক ড্রু ওয়াইজম্যানের জন্যই কোভিড টিকা বানাতে পেরেছে ফাইজার ও মডার্নার মতো ওষুধ সংস্থা। তাই দু’জনকেই দেওয়া হয়েছে ব্রেকথ্রু পুরস্কার। তাঁদের সঙ্গে পুরস্কার ভাগাভাগি করেছেন আমেরিকার স্ক্রিপ্‌স রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক জেফ্রি কেলি।

এন-কে

Feb2
Feb2

খুলশীর ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 14 September, 2026, 9:01 am
খুলশীর ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই উপ-পরিদর্শকসহ আটজনের বিরুদ্ধে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগে আদালতে মামলা করেছেন মো. জাবেদ (৬৬) নামের এক ব্যক্তি।

তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগার বাবা।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জাবেদ।

মামলার বাদীপক্ষের আইনজীবী এস এম মইনুল ইসলাম বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম, এসআই (নিরস্ত্র) মো. শাহ পরান, এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন, জালালাবাদ এলাকার বাসিন্দা মেম্বার বাবু প্রকাশ যুবলীগ বাবু, পাহাড়তলী কলেজ এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান, পশ্চিম খুলশীর আমান উল্লাহ আমান, নাসিরাবাদ হাউজিং সোসাইটির আরিফ প্রকাশ, ভুয়া সাংবাদিক আরিফ ও একই এলাকার আসাদ উল্লাহ।

মামলার আরজিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস মোড়ে বাদীর বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও মারধর করা হয়। এ সময় রাবার বুলেট নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।

আদালতে দায়ের করা অভিযোগে জাবেদ বলেন, আসামিরা তার বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র, দরজা, জানালা ও অন্যান্য মালামাল ভাঙচুর করেন। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়। পরে তার পুত্রবধূ রীখা বেগমের ঘরে প্রবেশ করে ওয়ারড্রব ভেঙে নগদ আট লাখ টাকা ও প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, লুটপাটে বাধা দিলে রীখা বেগমের শ্লীলতাহানি করা হয়। বাদী ও তার পুত্রবধূকে মারধর করে আহত করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে কয়েকজন আহত হন বলে দাবি করেছেন বাদী।

মামলার বাদী অভিযোগ করেন, ঘটনার প্রতিবাদ করায় তাকে ও পরিবারের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক ও মাদক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ভয়ে তারা সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পুলিশ সদস্যরা সরকারি ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়ার চেষ্টা করেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন বাদী।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট নগরীর পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় খুলশী থানায় মামলা হয়। ওই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে আসামি করা হয়। মামলা হওয়ার পর গত ৪ সেপ্টেম্বর ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের ওপর হামলা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 9:27 pm
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 13 September, 2026, 8:18 pm
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিন বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য দুই মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।