খুঁজুন
, ,

ভিনদেশী তারার মুলুকে নতুন পৃথিবী খুঁজছে নাসা!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 September, 2021, 11:39 am
ভিনদেশী তারার মুলুকে নতুন পৃথিবী খুঁজছে নাসা!

ঠিকঠাক ভাবে বাঁধা নেই তিনটি তার? তা হলে তিন তারের যন্ত্র বাজবে কী ভাবে? পৃথিবীও তো তিন তারেই বাঁধা। স্থল, জল, আর আকাশ (বায়ুমণ্ডল)। এই তিন তার ঠিকভাবে বাঁধা না থাকলে পৃথিবীতে প্রাণের জন্মই হত না। হলেও সেই প্রাণ টিকে থাকতে পারত না।

এই অনন্ত ব্রহ্মাণ্ডে ধূলিকণার চেয়েও ক্ষুদ্রাতিক্ষুদ্র পৃথিবীতেই শুধু প্রাণ থাকতে যাবে কেন? কেনই বা পুরো জগত তার বাকি সুবিশাল অংশের অপচয় ঘটাবে আর কোথাও কোনও ধরনের প্রাণের জন্ম না দিয়ে?

এই সঙ্গত প্রশ্নটা বিজ্ঞানীদের মনে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে বলেই তো পৃথিবীর মতো তিন তারে বাঁধা আরও বহু ‘পৃথিবী’র খোঁজ শুরু হয়েছে জোর কদমে।

কোথায় সেই প্রাণ? আরও প্রাণ? আরও আরও ‘পৃথিবী’?

গত শতাব্দীর নয়ের দশকে প্রথম ভিনগ্রহ আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীরা আরও আরও প্রাণের সন্ধানে হন্যে হয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে আবিস্কৃত প্রায় সাড়ে ৩ হাজার ভিনগ্রহের অনেকগুলিতেই। সেই সব ভিনগ্রহ তাদের নক্ষত্রদের থেকে ঠিক কতটা দূরত্বে থাকলে তাদেরও থাকতে পারে পৃথিবীর মতোই তিনটি তার। যে দূরত্বকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ‘গোল্ডিলক্‌স জোন’।

প্রথম ভিনগ্রহ আবিষ্কারের পর প্রায় তিন-তিনটি দশক পার হতে চলল। এখনও সেই আরও প্রাণ, অন্য ধরনের প্রাণ খোঁজার তাগিদে ভিনগ্রহের ভিন মুলুক কোনও বাতাস জোগাতে পারেনি।

ব্রহ্মাণ্ডের কোনও সীমা পরিসীমা নেই। সে তো অতল, অনন্ত। তার আর কোন কোন দিকে আর কোন কোন মুলুকে প্রাণের খোঁজতল্লাশ করা গেলে প্রাণের অস্তিত্বের গন্ধ পাওয়া যাবে এ বার তা বেছে নেওয়ার সময় এসেছে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ বার প্রাথমিক ভাবে বেছে নিয়েছে পৃথিবীর মোটামুটি কাছেপিঠে থাকা কয়েকটি ভিন‌ তারার মুলুক (‘স্টার সিস্টেম’)। যেখানে আর একটি বা আরও অনেকগুলি ‘পৃথিবী’র লুকিয়ে থাকার সম্ভাবনা যথেষ্টই বলে মনে করছে নাসা।

সেই সব ভিন মুলুকের নাম কী কী?

নাসা সেই ভিনদেশী তারার ২০টি মুলুককে প্রাথমিক ভাবে বেছে নিয়েছে।

এদের মধ্যে ১৭টি ভিনদেশী তারার মুলুক বা নক্ষত্রমণ্ডলে কী ভাবে গ্রহ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, তা ধরা পড়েছে চিলিতে বসানো সুবিশাল ‘আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (আলমা)’ টেলিস্কোপে। কোনও নক্ষত্রমণ্ডলে এই তারা তৈরির প্রাথমিক প্রক্রিয়া চলে ১ কোটি বা তারও বেশি বছর ধরে।

আটাকামার পরের কাজ সারবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
তবে ভূপৃষ্ঠে বসানো আটাকামার পক্ষে অন্য তারার মুলুকে গ্রহ তৈরির প্রক্রিয়ার উপর সার্বিক ভাবে নজরদারি চালানো সম্ভব নয়। যে অত্যন্ত জমাট বাঁধা বিভিন্ন মৌল ও জৈব অণুর গ্যাসের মেঘের কুণ্ডলী ওই অন্য তারাদের সাম্রাজ্যে নতুন নতুন গ্রহ তৈরির তোড়জোড় শুরু করেছে তার শুধুই বাইরের অংশের আচার, আচরণ, রদবদল ধরা পড়েছে শুধু আটাকামা টেলিস্কোপে।

আরও দূরে, আরও গভীরে…

কিন্তু আরও জানতে বুঝতে হবে বিজ্ঞানীদের। তাই এখন তাঁদের মন্ত্র- ‘আরও গভীরে যাই’।

সেই গভীরে যাওয়ার জন্যই মহাকাশে এ বার হাবলের চেয়েও অনেক বেশি শক্তিশালী টেলিস্কোপ পাঠাচ্ছে নাসা। ডিসেম্বরে উৎক্ষেপণ করা হবে সেই ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ’। যে টেলিস্কোপ ওই সব ভিনদেশী তারার মুলুকে বিভিন্ন মৌল ও জৈব অণুর গ্যাসের মেঘের কুণ্ডলীর ভিতরের অংশে কী কী রদবদল ঘটছে, তা জানতে পারবে। সেই সব তথ্য জানাতে পারবে জ্যোতির্বিজ্ঞানীদের।

যা বিশ্লেষণ করে ওই সব মুলুকে আরও ‘পৃথিবী’-র হদিশ মেলার পথ খুলে যেতে পারে বিজ্ঞানীদের সামনে।

এন-কে

Feb2
Feb2

ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 29 July, 2026, 7:37 pm
ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি

কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা ভাই। কোনো কোনো পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে। জুলাই গণ-অভ্যুত্থানে স্বজন হারানো এসব পরিবারের অনেকে এখন আর্থিক সংকট, নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের দুঃখ-দুর্দশা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এই সাক্ষাৎ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। জেলা প্রশাসক প্রতিটি পরিবারের সদস্যের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তাঁদের সংসার কীভাবে চলছে, সন্তানদের পড়াশোনা কেমন হচ্ছে এবং পরিবারের সদস্যরা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না—এসব বিষয়ে জানতে চান তিনি। কোনো সমস্যা হলে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন।

দুপুর ১২টায় শুরু হওয়া আয়োজনটি শেষ হয় বেলা আড়াইটায়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের উপহারসামগ্রী দেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সবাই পৌঁছাতে পারলেও শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্য আসতে কিছুটা দেরি হয়। চট্টগ্রামের প্রথম এবং দেশের দ্বিতীয় জুলাই শহীদ হিসেবে পরিচিত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বোন সাবরিনা ইয়াসমিন সোমা এসেছিলেন। তিনি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর পৌঁছান। ততক্ষণে মূল আয়োজন শেষ হয়ে গিয়েছিল।

তবে জেলা প্রশাসক তাঁর কার্যালয় ত্যাগ করেননি। তিনি ওয়াসিমের পরিবারের সদস্যের জন্য নিজ কার্যালয়ে অপেক্ষা করেন। সাবরিনা ইয়াসমিন পৌঁছালে তাঁকে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা প্রশাসক হাসিমুখে তাঁকে স্বাগত জানান এবং পরিবারের সদস্যদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

সাবরিনা ইয়াসমিন সোমা বলেন, “আমি অনুষ্ঠানের নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছেছিলাম। কিন্তু ডিসি স্যার আমার জন্য অপেক্ষা করেছেন। পরে তাঁর কার্যালয়ে গেলে তিনি হাসিমুখে আমার কথা শুনেছেন। আমাদের পরিবারের সবার খোঁজখবর নিয়েছেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”

জেলা প্রশাসকের এই অপেক্ষা ও আন্তরিক আচরণ তাঁকে আবেগাপ্লুত করেছে বলে জানান সাবরিনা।

সাক্ষাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঈদগাহ বউবাজার এলাকার শহীদ আলমের স্ত্রী নয়ন বেগম। জেলা প্রশাসক তাঁর সংসারের বর্তমান অবস্থা এবং সন্তানদের বিষয়ে জানতে চান। পরিবারের কোনো সমস্যা কিংবা বিশেষ প্রয়োজন আছে কি না, তা-ও জানতে চান তিনি।

ঈদগাহ ঝরনাপাড়া এলাকার শহীদ ইউসুফের স্ত্রী সাজেদা আক্তারের কাছেও সংসারের বর্তমান অবস্থা জানতে চান জেলা প্রশাসক। স্বামীকে হারানোর পর তিনি কীভাবে সংসার চালাচ্ছেন, সন্তানদের পড়াশোনা ও জীবনযাপন কেমন চলছে এবং পরিবারটি কোনো সংকটে রয়েছে কি না—এসব বিষয়ে কথা বলেন তাঁরা।

সাজেদা আক্তার বলেন, “ডিসি স্যার জানতে চেয়েছেন আমরা কেমন আছি, সন্তানদের অবস্থা কেমন এবং আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না। কোনো সমস্যায় পড়লে তাঁর কাছে যেতে বলেছেন। আমাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।”

লোহাগাড়ার আমিরাবাদ এলাকার শহীদ ইশমামুল হকের ভাই মুহিবুল হক জেলা প্রশাসকের কাছে পরিবারের নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁরা কোনো সংকোচ ছাড়াই জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে পেরেছেন।

মুহিবুল হক বলেন, “শহীদ পরিবারের সদস্য হিসেবে আমরা প্রাণ খুলে ডিসি স্যারের সঙ্গে কথা বলতে পেরেছি। নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন সমস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।”

চকবাজার-বাকলিয়া এলাকার শহীদ শহীদুল ইসলামের স্ত্রী হোসনেয়ারা বেগমও পরিবারের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

হোসনেয়ারা বেগম বলেন, “ডিসি স্যার আমাদের সব দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। যেকোনো বিপদে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন শহীদ ওমর বিন নুরুল আবছারের মা রুবি আক্তার, শহীদ মাহামদুর রহমান সৈকতের চাচা আমজাদ হোসেন, শহীদ জামালের স্ত্রী তসলিমা বেগম এবং শহীদ মাহিনের মা রহিমা। তাঁরা পরিবারের আর্থিক অসচ্ছলতা, নিরাপত্তা, সন্তানদের ভবিষ্যৎ এবং দৈনন্দিন জীবনের নানা সংকটের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রত্যেকের বক্তব্য শোনেন। শহীদ পরিবারগুলো একা নয় উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসন তাঁদের পাশে থাকবে। কোনো সমস্যা কিংবা জরুরি প্রয়োজন দেখা দিলে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পরিবারগুলোর সদস্যদের পরামর্শ দেন তিনি।

স্বজন হারানোর শূন্যতা কোনো উপহার বা সহায়তা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিকতা এবং পাশে থাকার প্রতিশ্রুতি শোকাহত পরিবারগুলোর মনে কিছুটা হলেও সাহস জোগাতে পারে। শহীদ পরিবারগুলোর কথা দীর্ঘ সময় ধরে শোনা এবং দেরিতে পৌঁছানো ওয়াসিম আকরামের বোনের জন্য অপেক্ষা করার মধ্য দিয়ে সেই সহমর্মিতারই প্রকাশ ঘটিয়েছেন সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 29 July, 2026, 7:23 pm
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের লতিফ সিদ্দিকী জানান, মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সে সময় তিনি বলেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।

জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী। পরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাকে আসামি করা হয়। কয়েক মাস পর তিনি জামিনে মুক্তি পান। তবে মামলাটি এখনো চলছে।

আজ আদালতে এই মামলায় হাজিরা শেষে লতিফ সিদ্দিকী বলেন, ‘আজ সকালে আমাকে জানানো হয়েছে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি জানি, আজ যদি আদালতে না আসতাম, তাহলে মনে করা হতো আমি আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না, সব সময় আত্মপ্রকাশ করি। সে কারণেই আজ আদালতে এসেছি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 29 July, 2026, 6:42 pm
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া দুটি হাত আর চোখেমুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। সেই কিশোরের নাম তাহসিন আব্দুল্লাহ। কিন্তু ছবির হাসির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর বেদনার গল্প।

২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাহসিন হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষ, বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন তারা ছিল দুটি আলাদা ভবনে। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, আর তাসনিয়া পড়ত অষ্টম শ্রেণিতে। যুদ্ধবিমানটি আছড়ে পড়ে তাসনিয়াদের ভবনে।

বিকট বিস্ফোরণের শব্দ শুনে ছোট্ট তাহসিন দৌড়ে যায় বড় বোনকে খুঁজতে। কারও কাছ থেকে শুনেছিল স্যালাইন ও পানির প্রয়োজন। বড় বোনের জন্য ছোট্ট দুই হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে দাঁড়িয়ে ছিল তাহসিন। কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি।

পরিবারের তথ্য অনুযায়ী, সেই দুর্ঘটনার পর বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে সে কাগজে লিখেছিল, ‘‘আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। সে মারা গেছে। ওকে আমি অনেক অনেক মিস করি, ও আমার বেস্ট ফ্রেন্ড।’’

বোনকে হারানোর পর থেকে তাহসিনের মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর দেখা যেতো না।

কিন্তু গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে যেন দেখা মিলল অন্য এক তাহসিনের। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মাঠ প্রদক্ষিণ করছিলেন, তখন তার কাছাকাছি আসার মুহূর্তে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুটি। সেই নির্মল হাসি আর উচ্ছ্বাস ক্যামেরাবন্দি হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তাহসিনের হাসির সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নেন।

পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন, ছবির সেই হাসিমাখা মুখটির পেছনে রয়েছে এক হৃদয়বিদারক পারিবারিক ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। বর্তমানে সে সপ্তম শ্রেণিতে পড়ছে। পরিবারে তার নার্সারিতে পড়ুয়া আরও একটি ছোট বোন রয়েছে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজখবর নেন এবং বড় হয়ে কী হতে চায়, তা জানতে চান। তাহসিন জানায়, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায়। এছাড়া এমন কিছু করতে চায়, যার মাধ্যমে মানুষের উপকার হবে এবং যার প্রতি মানুষ আকৃষ্ট হবে।

প্রধানমন্ত্রী তার এই স্বপ্নের প্রশংসা করেন। তিনি মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।

আলাপচারিতায় তাহসিন জানায়, তার শখ ফুটবল খেলা।

প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোনসেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে।

সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন একটি সুযোগ পাবে, তা সে কল্পনাও করেনি। পুরো বিষয়টিই তার কাছে ছিল একেবারে সারপ্রাইজ। সে বলে, স্কুলে গিয়ে বন্ধুদের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার গল্প শোনানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তাহসিন জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে একেবারে পরিবারের একজনের মতো কথা বলেছেন। তাই তার মোটেও নার্ভাস লাগেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কক্ষও ঘুরে দেখেছে সে। সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা তাকে মুগ্ধ করেছে বলেও জানায় তাহসিন। বাবার মোবাইল ফোন দিয়ে সেলফিও তুলেছে সে।

মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন।