বার্সায় ফাতির নতুন যুগের সূচনা
খুবই বাজে সময় পার করছিল বার্সেলোনা। গ্রানাডার বিপক্ষে কোনোমতে শেষ মুহূর্তের গোলে ড্র করার পর গত বৃহস্পতিবার রাতে কাডিজের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো কাতালানদের।
সেই দলটি এবার জয়ে ফিরেছে। সব বাধাকে অতিক্রম করে গতকাল রোববার রাতে লেভান্তকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে বার্সা। ডাগআউটে ছিলেন না কোচ রোনাল্ড কোম্যান। তাঁর অনুপস্থিতিতে মাঠে দাপট দেখান ফুটবলাররা। আর এই ম্যাচেই বার্সার হয়ে আনসু ফাতির নতুন যুগের সূচনা হয়।
ম্যাচের ৬ মিনিটেই পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দেন মেমফিস। ১৪ মিনিটে দ্বিতীয় গোল করেন ডাচ ফরোয়ার্ড লুক ডি’জং।
ম্যাচের ৮১ মিনিটে দারুণ অভ্যর্থনা নিয়ে মাঠে নামেন আনসু ফাতি। তাঁর নামার দশ মিনিটের মধ্যেই গোল হয়। হাঁটুর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই তরুণ ফুটবলার। চারবার অস্ত্রোপচারের পর অবশেষে ফিট হয়ে মাঠে নামেই গোল করেন।
মেসির বার্সা ছাড়ার পর ক্লাবটির নতুন ১০ নম্বর জার্সি পান ফাতি। তরুণ উইঙ্গারের গোলে নবযুগের সূচনা হয় বার্সায়। দীর্ঘ চোট সমস্যার পর প্রথম গোল করেই ডাগআউটে বসে থাকা দলের ডাক্তারকে জড়িয়ে ধরে নিজের গোল উদযাপন করে কৃতজ্ঞতা জানান ফাতি।
এই জয়ের সুবাদে লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চয়ে পাঁচ পয়েন্ট পিছনে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সা।
এন-কে


আপনার মতামত লিখুন