ফাইনালের লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে গুরুত্বপূর্ণ ম্যাচটি।
২০০৫ সালের পর প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্য সামনে রেখে একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ। রক্ষণভাগে সাদ উদ্দিনের পরিবর্তে সুযোগ পেয়েছেন রহমত মিয়া। অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না সাদ উদ্দিন।
অন্য পরিবর্তনটি আক্রমণভাগে। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ৪-০ গোলের জয়ে মূল স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তাঁর জায়গায় একাদশে ফিরেছেন জাপানপ্রবাসী ফরোয়ার্ড শুকি ইতোফুসা।
বাংলাদেশের গোলবার সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে তাঁর সামনে থাকবেন তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ ও রহমত মিয়া। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন হামজা চৌধুরী, সমিত সোম ও কাজেম শাহ। আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।
ঘোষিত একাদশে দেশি ফুটবলার রয়েছেন তিনজন। বাকি আটজনই প্রবাসী।
অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করলেও মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। এবার দলটির শক্তি আরও বেড়েছে। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার সেমিফাইনালের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
ফিরেছেন আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ। তাঁদের অন্তর্ভুক্তিতে কোচ নলবার্তো সোলানোর হাতে বেড়েছে খেলোয়াড় বাছাইয়ের বিকল্প।
অন্যদিকে, গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। কোনো গোল হজম না করে পাঁচ গোল করে অপরাজিত থেকেই শেষ চারে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। এবার পাকিস্তানকে হারাতে পারলেই ২০০৫ সালের পর আবারও সাফের ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।



আপনার মতামত লিখুন