পরীমণির মালামাল ফেরতের আবেদনের শুনানি দুপুরে
চিত্রনায়িকা পরীমণির বাসা থেকে জব্দ করা গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ ১৬টি আলামত ফেরত দেওয়ার আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি হবে। এজন্য দুপুর ১২টায় আদালতে হাজির হবেন পরীমণি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে এই শুনানি হবে।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার এ বিষয়ে প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।
মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমণিকে দেওয়ার জন্য প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘যদি পরীমণিকে তাঁর জব্দকৃত আলামত ও মালামাল ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।’
গত ১৫ সেপ্টেম্বর পরীমণি তাঁর ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি ও মোবাইল, ল্যাপটপসহ আরও অন্যান্য প্রয়োজনীয় জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমণিকে বিপুল মাদকসহ গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। এরপর গত ৫ আগস্ট তাঁকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে গত ১০ আগস্ট বনানী থানার মামলায় পরীমণিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।
গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিনের আদেশ দেন। পরদিন গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান পরীমণি।
এন-কে


আপনার মতামত লিখুন