রাউজানে শয়নক্ষে গলায় ফাঁস লাগিয়ে ২ সন্তানের জনকের আত্মহত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহনন করেছে আমির খসরু (৩০) নামের এক যুবক।
গতকাল রবিবার রাত ৯টার দিকে রাউজান থানার উপ পরিদর্শক মেহের আলী ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার উদ্দিন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে শয়নকক্ষের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা লাশটি নিচে নামান।
পরে নিহতের স্ত্রী, মা, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ কিংবা সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি প্রদান করেন রাউজান থানা প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, রাউজানের ১ নং হলদিয়া ইউনিয়নের শাহ মো. তালুকদার বাড়ির মৃত আবুল কালামের পুত্র আমির খসরু মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত ছিলেন। বিগত এক বছর পূর্বে প্রবাস জীবন থেকে দেশে ফিরে আসেন তিনি।
বিবাহিত জীবনে দুই সন্তানের এ জনক মাদকাসক্ত ছিল। ইতিপূর্বে মাদকাসক্তির কারণে তার চিকিৎসাও করেছিল পরিবার। ঘটনার দিন তার স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে মা শামসুর নাহার ছেলেকে ডাকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ।
দীর্ঘক্ষণ ডাকাডাকি শেষে তার সাড়া না পেয়ে দরজার একটি ছিদ্র দিয়ে দেখতে পান ছেলের দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এ সময় শামসুর নাহারের আত্নচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। নিহতের শয়নকক্ষের টেবিলে একটি মদের বোতল পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়দের ধারণা করছে মদ খেয়ে মাতাল অবস্থায় আত্নহনন করেছেন খসরু।
রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন