শাটলে চড়ে চবিতে আসলো ঢাবির ভর্তি পরীক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)স্নাতক প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে নগরীর বটতলী স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শাটল ট্রেন।শুক্রবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পরীক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছে চবির শাটল ট্রেন। ট্রেনে চড়ে হাজার হাজার পরীক্ষার্থী ক্যাম্পাসে আসে।এদিন সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করে পরীক্ষার্থী ও অভিভাবকরা। সকাল ১১টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি নিয়েছি। আইনশৃংখলা বাহিনী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। জালিয়াতি রোধে আমাদের বিশেষ টিম কাজ করবে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে।তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ। এছাড়া আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য পরীক্ষা চলাকালে আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।
উল্লেখ্য যে, এবার ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১১ হাজার ২১৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন