ঘূর্ণিঝড় বুলবুল : ৯ জেলের লাশ উদ্ধার
ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ভোলায় নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৩ জেলের মধ্যে ৯ জন জেলের লাশ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাছকাটা নদী থেকে উদ্ধার করছে কোস্টগার্ড।
সোমবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, বাহাদুরপুর এলাকা থেকে ওই ৯ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভোলায় ঝড়ের মুখে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলে এরাই।
উদ্ধার হওয়া লাশগুলো হচ্ছে- ভোলার দুলারহাটের মৃত নুরুল হকের ছেলে কামাল দালাল (৩৫), একই এলাকার কাদের মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৮), কাদের বেপারীর ছেলে নূরনবী বেপারী (৩০), ছলিমন মাতব্বরের ছেলে মফিজ মাতব্বর (৩৫), এছিন পাটোয়ারীর ছেলে নজরুল ইসলাম (৩৫), মোসলেউদ্দিন মাঝির ছেলে কবির হোসেন (৪০), ইসমাইল খানের ছেলে বিল্লাল (৩২), চরফ্যাশনের মৃত মুজিবল হক মুন্সীর ছেলে আব্বাস মুন্সী (৪৪) ও একই এলাকার মৃত জামাল বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪৪)। এছাড়া রোববার রাতে উদ্ধার হওয়া ব্যক্তির নাম খোরশেদ।
জানা গেছে, রবিবার দুপুরে ভোলার উপর দিয়ে ঘূর্ণিঝড় বুলবুল অতিক্রম করে। এসময় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার ইলিশা নদীতে ২৪ জন জেলে নিয়ে মাছ ধরার ট্রলার আম্মাজান-২ ডুবে যায়। ওই ট্রলারের জেলেরা চাঁদপুর মাছ বিক্রি করে ভোলার চরফ্যাশন যাওয়ার যাওয়ার পথে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের শিকার হয়। ওই সময় ১০ জেলেকে জীবিত উদ্ধার হয়। নিখোঁজ থাকে ১৪ জেলে।
কোস্টগার্ড রবিবার রাতেই মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারটিসহ খোরশেদ নামে এক জেলের মরদেহ উদ্ধার করে। এরপর আজ সন্ধ্যায় ওই এলাকা থেকে আরও ৯ জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। তবে এখনো ৪ জেলের সন্ধান পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন