কুমিরায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান. পরিবারের দাবী ভিন্ন
সীতাকুণ্ডে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেছে টিশা আকতার (১৭) নামে এক কিশোরী। মঙ্গলবার বিকাল তিনটার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। টিশা কুমিরা ইউনিয়ন পরিষদের পিছনের সালেহ আহম্মদ সেরাং বাড়ির মজিবুর রহমানের মেয়ে।
জানা যায়, কুমিরা ইউনিয়নের রয়েল গেইট এলাকার জসিম উদ্দিনের পুত্র মোঃ নিশান (২০) এর সাথে ৪ বছর পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই ইউনিয়নের মহিলা কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী টিশা আকতারের সাথে। মঙ্গলবার বিকালে টিশা আক্তার প্রেমিক নিশানের বাড়িতে গিয়ে বিষ পান করে আত্নহত্যার চেষ্টা করে।
এসময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে চমেক হাসপাতালে রেফার করেন। টিশার বড় ভাই জিশান বলেন, আমার ছোট বোনের সাথে নিশানের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় সময় টিশাকে ফোন করে ডেকে নিয়ে যেতো।
মঙ্গলবার বিকালেও নিশান আমার বোনকে ফোন করে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নিশান ও তার পরিবার আমার বোনকে ব্যাপক মারধর করে তাকে মুখে বিষ ঢেলে দেয়। জিসান আরো বলেন, ধারণা করা হচ্ছে নিশান আমার বোনের সাথে শারীরিক সম্পর্ক করেছে একাধিকবার। যার ফলে টিশা তাকে বিয়ে করতে বলায় নিশান ও তার পরিবার আমার বোনের উপর নির্যাতন করে মুখে বিষ ঢেলে দেয়।
আমার বোনের শরীরে মারধরের চিহ্নও রয়েছে। বিকালে খবর পেয়ে আমরা নিশানের বাড়ির পিছনে একটি জমিতে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার পর থেকে প্রেমিক নিশান পালাতক রয়েছে বলে জানা যায়। টিশা আক্তার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিন তলায় ১৩ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। নিশান ও তার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান টিশার বড় ভাই জিসান।
এন-কে


আপনার মতামত লিখুন