পনির শক্ত হওয়া রোধ করবেন যেভাবে
দক্ষিণ এশিয়ায় প্রচলিত ছানা থেকে তৈরি একটি দুগ্ধজাত খাবারের নাম পনির। পনিরের পুষ্টিগুণের কারণে অনেকেরই প্রিয় খাবারের নামের তালিকায় আছে এই খাবারটি। কিন্তু অনেকেই এই খাবারটি বাড়িতে বেশিদিন সংরক্ষণ করতে পারেন না।
ফ্রিজে রাখলেই যে পনির ভালো থাকবে এমনটা নয়। বেশির ভাগ ক্ষেত্রেই ফ্রিজে রাখার কারণে পনির শক্ত হয়ে যায়। সেই সঙ্গে নষ্ট হয়ে যায় স্বাদও। অথচ ঘরে একটু পনির থাকলে অসময়ে নানা কাজে লাগে।
বিশেষ করে ভেজিটেরিয়ানরা এর তরকারি খেতে বেশি পছন্দ করে থাকেন। আবার শুধু পনির দিয়ে বহু সুস্বাদু পদ সহজেই রান্না করা যায়। তাই অনেকেই বাড়িতে বেশি করে পনির কিনে এনে রাখেন। কিন্তু সমস্যা হলো এর সতেজতা আর স্বাদ নিয়ে।
বেশ কয়েকটি উপায় আছে যা মনে রাখলে বাড়িতে পনির সহজেই থাকবে নরম ও টাটকা। সেই সঙ্গে নষ্ট হবে না স্বাদও ধরা থাকবে। এগুলো হলো-
১) প্যাকেট করা পনির অনেকেই কেনেন। এক্ষেত্রে ব্যবহার করার আগে প্যাকেটটি কাটবেন না। প্যাকেটসহ পনিরই ফ্রিজে রেখে দিন। রান্না করার আধ ঘণ্টা আগে প্যাকেট থেকে তা বার করে নিন। তা হলেই টাটকা থাকবে পনির।
২) বাজার থেকে বড় প্যাকেটের পনির কিনবেন না। সে কারণেই পনিরের ছোট ছোট প্যাকেট কেনা জরুরি। একটি বড় প্যাকেট না কিনে অনেক ছোট প্যাকেট কিনে রাখুন। তা হলেই সমস্যা কমবে।
৩) আর যদি প্যাকেটের পনির না কিনেন তা হলে কেনা পনির ফ্রিজে রাখার আগে একটি পরিষ্কার নরম কাপড়ে মুড়ে নিন। রান্নার সময়ে কিছুটা পনির কেটে নিয়ে বাকিটা আবার কাপড়ে মুড়ে ফ্রিজে রেখে দিতে পারেন।
৪) কাপড়ে পনির রাখতে না চাইলে ঢাকনা দেওয়া একটি পাত্রে খানিকটা পানি ঢেলে তাতে পনির রাখুন। সেই পাত্রটি ফ্রিজে ঢুকিয়ে দিন। কারণ পানিতে পনির নরম থাকে।
৫) আর যদি এসবের পরও পনির আগের মতো নরম না থাকে তবে একটি পাত্রে সামান্য পানি নিয়ে হালকা গরম করুন। তার মধ্যে সামান্য লবণ দিন। এ বার পনির টুকরো করে কেটে তাতে ভিজিয়ে রাখুন। পাত্রটি আধ ঘণ্টা এক জায়গায় ঢাকনা দিয়ে রেখে দিন। রান্নার আগে পনির নরম হয়ে যাবে। এসব পদ্ধতিতে সহজেই বাড়িতে পনির থাকবে নরম আর স্বাদের কোনো পরিবর্তন হবে না।
এন-কে


আপনার মতামত লিখুন