বোয়ালখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পৌর সদরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশের সভাপতিত্বে আয়োজিত এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত।
এতে প্রধান অতিথি নুরুল আলম বলেন, নিজেরদেরকে স্বনির্ভর করতে হলে সম্পদের পরিমাণ বাড়াতে হবে। এক্ষেত্রে পশু-পাখি পালন লালন করে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অবহেলা করে নয় বরং উৎসাহ উদ্দীপনা নিয়েই এগিয়ে যেতে হবে। সমস্যার বিষয়গুলো দেখতে সরকারের প্রাণিসম্পদ কার্যালয় আপনাদের পাশে আছে।
এ প্রদর্শনীতে শতাধিক খামারী ও উদ্যোক্তা তাদের উচ্চ দুধ উৎপাদনশীল গাভী, হৃষ্টপুষ্ট ষাঁড়, মহিষ, অধিক বাচ্চা উৎপাদনশীল ছাগল-ভেড়া, ডিম ও মাংসের প্লোট্রি, ফ্যান্সি পাখি, নানান জাতের কবুতর, বিদেশী জাতের কুকুর-বেড়ালসহ অন্যান্য পোষা প্রাণী, দুগ্ধজাত দ্রব্য এবং প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদেরকে বিভিন্ন ক্যাটাগড়িতে পুরুস্কার প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’ এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। আশার কথা হলো দেশের যুব ও উদ্যোক্তারা পশু-পাখি পালনে নতুন খামার স্থাপনে উৎসাহিত হচ্ছেন।
এন-কে


আপনার মতামত লিখুন