মেয়ের জন্মনিবন্ধন করাতে গিয়ে রাউজানে সড়ক দুর্ঘটনায় নিভে গেল প্রকৌশলীর জীবন প্রদীপ
তিন বছর বয়সী একমাত্র কন্যা সন্তান ত্রয়ী বড়ুয়ার জন্মনিবন্ধন করার জন্য নগরীর বাসা থেকে গ্রামের বাড়ি রাউজানের বাগোয়ানে আসছিলেন প্রকৌশলী পাপন বড়ুয়া শাকিল (৪২)। ভাগ্যের নির্মম পরিহাস বাড়ি যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো তার জীবন প্রদীপ। নিহত পাপন বড়ুয়া উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়ার বাড়ির সংঘবোধি বড়ুয়ার ছেলে। সে শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির সীতাকুণ্ডের কোল্ড রোলিং মিলে সহকারী প্রকৗশলী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো সে। সে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক।
স্থানীয় প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ১৬ ফেরুয়ারী (বুধবার) সকালে চট্টগ্রাম নগর থেকে মেয়ের জন্মনিবন্ধন করার জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হন পাপন বড়ুয়া। পাপন বড়ুয়াদের বহনকারী সিএনজি অটোরিক্সা চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দিঘীর পাড় এলাকা অতিক্রমকালে নগরমুখী একটি দ্রুততগামী লেগুনার (চট্টমেট্রো-১১-২৯৩৯)
সাথে সিএনজি অটোরিক্সার (চট্টগ্রাম -১৩-৩২৭৭)
সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান পাপন। এ সময় আরো চারজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
এ ঘটনায় আহতরা হলেন অটোরিকশা চালক মুহাম্মদ লেদু হাসান (৫০), যাত্রী মুহাম্মদ জয়নাল (৪০), লেগুনার যাত্রী জাহারা খাতুন (৬৫)। তবে আহত আরেকজন যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার ও আওয়ামীলীগ নেতা স্বপন বড়ুয়া জানান, পাপন বড়ুয়া খুবই শান্ত স্বভাবের। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া পাপন বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় পাপন বড়ুয়া নামের একজন প্রকৌশলী নিহত হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন