‘আমরা এখনো মেসিকে মিস করি’
মেসি ক্লাব ছাড়ার পর সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। মৌসুমের শুরু থেকেই ধুঁকছে তারা। আজ জয় পেলে কাল ড্র, এমনই যাচ্ছে বার্সেলোনার চলতি মৌসুম। আর তাকে ছাড়া যে কতটা বিপদে পড়েছে তারা, এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে বাদ হওয়াই তার প্রমাণ। মেসির শূন্যতা এখনো অনুভব করছে বার্সেলোনা, এমনটাই বললেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
বার্সেলোনা ছাড়ার পর যে মেসি স্বস্তিতে আছেন, তা-ও নয়। ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর এখনো মানিয়ে নিতে কষ্ট হচ্ছে সাতবারের বর্ষসেরা এই ফুটবলারের। তবে শিরোপার লড়াইয়ে বেশ ভালো অবস্থায়ই আছে তারা।
এদিকে মুদ্রার উল্টো পিঠ দেখছে বার্সা। লিগে টপ ফোরে ওঠানামা করতে থাকা বার্সেলোনা ইউরোপেও ভালো অবস্থায় নেই। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর, ইউরোপা লিগেও প্রথম ম্যাচে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয়েছে তোরেস, অবামিয়েংরা। আর এখানেই ভোগাচ্ছে বার্সাকে।
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার মিডফিল্ডার স্বীকার করলেন তা। সেই সাক্ষাৎকারে ডি ইয়ং বলেছেন, ‘মেসি বার্সেলোনা ছাড়ছেন–এ বিষয়টি আমি কখনো গুরুত্ব দিয়ে ভাবিনি। তাই আসলেই এটি যখন ঘটল, তখন আমার জন্য তা ছিল ধাক্কা। এটা সবার জন্যই বড় আঘাত ছিল। আমরা এখনো তাকে মিস করি।’
তিনি আরও বলেন, ‘প্রথমত আমি মনে করেছিলাম, মেসির ক্লাব ছাড়ার খবর সত্য নয়। বিমানবন্দরে আমার বাবা ও ভাইকে স্বাগত জানাতে গিয়েছিলাম আমি। তখন একটি বার্তা পেলাম–মেসি চলে যাচ্ছে। এর খানিক বাদে বুঝতে পারলাম, সত্যিই এটি হচ্ছে।’
২০১৯ সালে আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দেন ডি ইয়ং। বার্সেলোনায় যোগ দেওয়ার পর সুযোগ হয়েছিল মেসির সঙ্গে দুই মৌসুম খেলার। তখন মেসির কল্যাণে বছরের সেরা মিডফিল্ডারের একজন ছিলেন তিনি। তবে মেসি যাওয়ার পর যেমন দল ভুগছে, ঠিক তেমনি ডি ইয়ংও নিজেকে খুঁজে বেড়াচ্ছেন।
এন-কে


আপনার মতামত লিখুন