মেসি জন্ম নেওয়ায় জাভির কাছে সেরা নন ম্যারাডোনা!
ইতালির প্রত্যন্ত এক শহরের নাম নেপলস। মিলান ,তুরিন কিংবা রোমের খ্যাতি নেপলসের ভাগ্যে জোটেনি। ফুটবলেও তেমন অর্জন নেই। সেই শহরের ক্লাব নাপোলিতে গিয়ে ফুটবলের মাঠে মিরাকল ঘটিয়েছিলেন ম্যারাডোনা। তাই ফুটবল ক্লাব হিসেবে নাপোলির অর্জন নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে চলে আসে ম্যারাডোনার নাম। আবার ইউরোপে ম্যারাডোনার খ্যাতি শুরু কাতালান ক্লাব বার্সার হাত ধরে। আর আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ম্যারাডোনার স্মৃতিবিজড়িত দুই ক্লাব মুখোমুখি হচ্ছে নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে।
মিলান, তুরিন, রোমের ফুটবল অহমে নেপলসের মতো শহর ভাগ বসাবে তা ম্যারাডোনা আসার আগে কেউ ভাবেওনি। কিন্তু ম্যারাডোনা সব ঐতিহ্য আর অহম গুঁড়িয়ে দিয়ে ইতালিতে উড়িয়েছেন নাপোলির পতাকা। তাই তো নেপলসবাসীর কাছে ঈশ্বর দুজন। একজন চার্চে থাকেন ,আরেকজন তাদের ক্লাবের জার্সি পরে ফুটবল মাঠে খেলতেন। ১৯৮৪-১৯৯১ পর্যন্ত ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়টা ইতালির নাপোলিতেই কাটিয়েছেন ফুটবল ঈশ্বর। নাপোলিকে জিতিয়েছিলেন স্কুডেত্তো।
নাপোলিতে আসার আগে ম্যারাডোনার ফুল হয়ে ফোটার শুরুটা কাতালান ক্লাব বার্সেলোনায়। ১৯৮৪ সালে নাপোলিতে আসার আগে দু’বছর বার্সায় খেলেছেন ম্যারাডোনা। লা লিগায় ৩৬ ম্যাচ খেলে গোল করেছিলেন ২২টি। উদীয়মান তারকা হিসেবে বার্সা সমর্থকদের মনও কেড়েছিলেন। আজও কাতালান ক্লাবটির সমর্থকদের মনে ম্যারাডোনা অনেক বড় জায়গাজুড়ে। কিন্তু ম্যারাডোনা যেমন নাপোলির, তেমনি বার্সার সমর্থকদের কাছে আরেক আর্জেন্টাইন লিওনেল মেসি। আজ যখন নাপোলির মুখোমুখি বার্সেলোনা, তখন মেসি-ম্যারাডোনা শ্রেষ্ঠত্বের দ্বৈরথ আরেকবার মাথাচাড়া দিচ্ছে ফুটবল সমর্থকদের মনে।
এই বিতর্কে যোগ দিয়েছেন বার্সেলোনা ও নাপোলির কোচ। ইউরোপা লিগের দ্বিতীয় লেগের ম্যাচটি হবে নাপোলির হোমগ্রাউন্ড ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে। সে মাঠে নামার আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ সেরা হিসেবে মেসির নাম নিচ্ছেন। অবশ্য মেসি না জন্মালে ম্যারাডোনাকেই শ্রেষ্ঠত্বের শিরোপা তুলে দিতেন তিনি।
ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে খেলার আগে উচ্ছ্বসিত জাভি বলেন, ‘ম্যারাডোনার নামাঙ্কিত স্টেডিয়ামে খেলতে পারাটা বার্সেলোনার জন্য সম্মানের। মেসির যদি জন্ম না হতো তাহলে ম্যারাডোনাই সেরা থাকতেন। সে এমন একজন ফুটবলার, যে খেলাটার মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বিশ্বের প্রত্যেকের জন্য আইডল ছিলেন। আমরা এখনো ম্যারাডোনার ভিডিও দেখি আর রোমাঞ্চিত হই।’
জাভি যখন মেসিবন্দনায় ব্যস্ত, তখন নাপোলি কোচ মনে করেন, আজকের ম্যাচে ম্যারাডোনা থাকবেন নাপোলির পক্ষেই। নাপোলি কোচ স্পালোত্তি বলেছেন,
‘ম্যারাডোনা আমাদের পক্ষে থাকবে। আমি নিশ্চিত সে আমাদের দিকেই থাকবে, ঈশ্বর আমাদের পক্ষে আছেন। আজকে আমাদের কোনো ম্যারাডোনা নেই কিন্তু আমরা সবাই মিলে তাকে সম্মানিত করতে পারি। আমাদের অবশ্যই সমর্থকদের ভালো কিছু উপহার দিতে হবে। আমাদের দল এমন কিছু করে দেখাতে চায় যার দ্বারা নেপলসের মর্ম ও স্বপ্নটাকে ছড়িয়ে দিতে পারি।’
তবে আজকের ম্যাচে জাভি চান জয়। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ড্র করায় আজ জয়ের বিকল্প নেই। নাপোলি যে দুর্দান্ত দল তা স্বীকার করে নিয়ে বলছেন লড়াইটা সহজ হবে না।
‘আমরা চাই ম্যাচটাতে প্রভাব বিস্তার করতে ও তাদের একটা ধাক্কা দিতে। যদিও জানি এটা সহজ হবে না। নাপোলি চ্যাম্পিয়ন পর্যায়ের দল, যারা সিরি আর জন্যও লড়ছে।’
আজকের ম্যাচে নাপোলিকে ইউরোপা লিগ থেকে বিদায় করার হুমকিই যেন দিচ্ছেন জাভি। উপরে বসে হয়তো ম্যারাডোনাও আজ নিজের স্মৃতিধন্য দুই ক্লাবের লড়াই উপভোগ করবেন।
এন-কে


আপনার মতামত লিখুন