কোচিং ছেড়ে যুদ্ধে নেমেছেন ফুটবল কোচ
রাশিয়ার হামলায় কাঁপছে ইউক্রেন; এমন হামলার প্রতিবাদে সরব পুরো বিশ্ব। প্রতিবাদে মুখর ক্রীড়ামাধ্যমও। ফিফা-উয়েফাসহ অনেক সংস্থা প্রতিবাদ জানিয়ে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রতিবাদ করছেন ক্রীড়াবিদরাও। তাঁদের মধ্যে একজন হলেন ইউরি ভেরনিদুব।
মলদোভার ক্লাব শেরিফের কোচ হিসেবে আছেন ভেরনিদুব। যাঁর হাত ধরেই মলদোভার প্রথম ক্লাব হিসেবে শেরিফ চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়। এ ছাড়া তাঁর অধীনেই ক্লাবটি রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে হারানোর গৌরব অর্জন করে। সেই কোচ নেমেছেন যুদ্ধে। নিজের জন্মভূমি ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র ধরেছেন এই কোচ।
যুদ্ধে যোগ দিয়ে ক্রীড়াপ্রেমীদের প্রশংসায় ভাসছেন ভেরনিদুব। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর যুদ্ধে যোগ দেওয়ার একটি ছবি ভাসছে। ছবিতে তাঁকে ইউক্রেন সেনাবাহিনীর পোশাকে সহযোদ্ধাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুখে হাসি নিয়ে সহযোদ্ধাদের সঙ্গে দাঁড়িয়ে তিনি, সঙ্গে দেখাচ্ছেন বিজয়সূচক ‘ভি’ চিহ্ন। মনে হচ্ছে, এবার খেলার মাঠ নয়, যুদ্ধের ময়দান থেকে জয় নিয়ে ফেরাই তাঁর লক্ষ্য।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ৫৬ বছর বয়সি এ কোচ ইউক্রেনের ‘সীমান্তরক্ষা’ কার্যক্রমে যোগ দিয়েছেন। ২০০০ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় নামেন তিনি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। গতকাল সোমবার যুদ্ধবিরতিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাশিয়া ও ইউক্রেন বৈঠকে বসলেও কোনো সমাধানে আসতে পারেনি দুই দেশ।
এদিকে, আজ রুশ আগ্রাসনের সপ্তম দিনেও রুশ বাহিনী ইউক্রেনে হামলা জোরদার করেছে। তবে জোর প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনীয়রাও।
এন-কে


আপনার মতামত লিখুন