রাশিয়ার আগ্রাসন মানতে না পেরে জার্মান কোচের পদত্যাগ
ইউক্রেনে হামলার কারণে সারা বিশ্বে নিন্দার মুখে পড়েছে রাশিয়া। এর প্রভাব পড়েছে ফুটবলেও। রাশিয়ার জাতীয় ফুটবল দল ও ক্লাবগুলোকে নিষিদ্ধ করেছে ফিফা ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রাশিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াবিদেরাও।
এর রেশ ধরে এবার রাশিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব লোকোমোতিভ মস্কোর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জার্মানির নাগরিক মার্কুস গিসডল।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন গিসডল। তিনি বলেছেন, ‘আমি এমন দেশে কাজ চালিয়ে যেতে পারি না, যে দেশের নেতা ইউরোপের একটি দেশে আগ্রাসন চালাচ্ছেন। আমার মূল্যবোধের সঙ্গে যা কোনোভাবেই যায় না। তাই, আমি অবিলম্বে কোচের পদ থেকে পদত্যাগ করেছি।’
জার্মানির এ কোচ আরও বলেন, ‘আমি মস্কোর অনুশীলন মাঠে দাঁড়িয়ে থেকে খেলোয়াড়দের অনুশীলন করাতে এবং পেশাদারত্ব দাবি করতে পারি না। যেখানে কয়েক কিলোমিটার দূরেই এমন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যা একটি জাতির ওপর চরম দুর্ভোগ নামিয়ে এনেছে। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এতে আমি পুরোপুরি বিশ্বাসী।’
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। গত সোমবার যুদ্ধবিরতিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাশিয়া ও ইউক্রেন বৈঠকে বসলেও কোনো সমাধানে আসতে পারেনি দুই দেশ।
এদিকে, আজ রুশ আগ্রাসনের সপ্তম দিনেও রুশ বাহিনী ইউক্রেনে হামলা জোরদার করেছে। তবে, জোর প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনীয়রাও।
এন-কে


আপনার মতামত লিখুন