রান্নার পোড়া গন্ধ দূর করবেন যেভাবে
প্রায়ই রান্না করতে গেলে নানা ধরনের জটিলতার শিকার হন অনেকে। হাতের কাছে সঠিক জিনিসটি না পাওয়ার অভাবে তাড়াহুড়ো বা অন্যমনস্ক হয়ে অনেক সময়ই তেরি করা খাবার পোড়া লেগে যায়। এ অবস্থায় কী করবেন, তা-ই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের আয়োজনে।
রান্নার সময় পোড়া খাবারটুকু ফেলে দেওয়ার পরও খাবারের পোড়া গন্ধ কোনোভাবেই দূর হতে চায় না। এ অবস্থায় আপনি বিশেষ কিছু উপায় অবলম্বন করতে পারেন।
চালে পানি কম দেওয়ার কারণে অনেক সময়ই ভাত পুড়ে যায়। এ ক্ষেত্রে ভাতের তলা ধরে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি থাকে। এ সময়ে চামচ ব্যবহার করে ভাত বেশি নাড়াচাড়া করবেন না। এতে সম্পূর্ণ ভাতে পোড়া গন্ধ ছড়িয়ে পড়তে পারে।
ভাত পুড়ে যাওয়ার আরেকটি অন্যতম কারণ, আপনি যে হাঁড়িতে ভাত রান্না করেন সেটি। অনেক দিন ধরে একই হাঁড়ি ব্যবহার করার ফলে হাঁড়ির তলার দিকটা অনেক সময় পাতলা হয়ে যায়। এ কারণে তলার দিকে ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিন। চামচ দিয়ে ভাত তুলে অন্য একটি পাত্রে রাখুন। তবে পোড়া গন্ধ দূর করতে ভাতের ওপর একটি গোল পাউরুটি রেখে দিন। এই পাউরুটি ভাতের পোড়া গন্ধ শুষে নেবে।
মাংস রান্না করতে গিয়ে যদি পুড়ে যায়, তাহলে চামচ দিয়ে মাংস ও আলুর টুকরোগুলো অন্য পাত্রে তুলে নিন। অন্য একটি সসপ্যানে পেঁয়াজ ভেজে নিয়ে আলু ও মাংস কষে নিন। পেঁয়াজের কড়া গন্ধে মাংসের পোড়া গন্ধ তখন বোঝা যাবে না।
কোনো তরকারি বা মাছের ঝোল রান্নার সময় ঝোল পুড়ে গেলে মাছ বা তরকারির প্রধান উপাদানটি আলাদা পাত্রে সরিয়ে নিন। এবার ওই ঝোলের মধ্যে এক টুকরো কুমড়ো বা আলু ফেলে দিন। নিমেষেই এতে তরকারির পোড়া গন্ধ দূর হবে।
এন-কে



আপনার মতামত লিখুন