সাকিবকে অবশ্যই মিস করব: বাশার
সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিসিবি সাকিবকে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর খেলা হচ্ছে না তার। আর এ জন্যই আফসোস হচ্ছে হাবিবুল বাশার সুমনের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার আগে তিন ধাপে দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে দল। তবে সেই দলে থাকবেন না সাকিব। ফলে আফসোস হচ্ছে বাশারের। দেশ ছাড়ার আগে বাশার বলেন, সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের অন্যতম সেরা পারফরমার। তবে এখন আমি এটা নিয়ে ভাবছি না। এখন আমাদের যে দলটা আছে সেটা নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস, এ দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব।
তবে সাকিবকে ছাড়াও দল আগে ভালো করেছে বলে জানিয়েছেন বাশার। তাই প্রোটিয়া সিরিজেও ভালো করার সুযোগ আছে বলে জানান তিনি। হাবিবুল বাশার বলেন, সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তার জায়গায় যিনি খেলছেন তিনিই আপনার সেরা খেলোয়াড়। তাকে নিয়েই আপনার চেষ্টা করতে হবে। এর আগেও আমরা সেরা খেলোয়াড়কে ছাড়া ভালো করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন তারা ভালো করতে পারবেন।
এদিকে দক্ষিণ আফ্রিকা বর্তমানে দারুণ এক দলে পরিণত হয়েছে। তবে কন্ডিশনটা বুঝতে পারলে ওখানেও ভালো করা সম্ভব বলে মনে করেন বাশার। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আপনি যদি আমাদের ওয়ানডের ছন্দটা দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি। আমরা জানি যে, আমাদের কাজটা কঠিন হবে। ওরা ওদের সেরা দলটা নিয়েই আমাদের সঙ্গে নামছে। এবার ওরা বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ যে ছন্দে আছে, সেটা যদি ধরে রাখতে পারি তবে এ সফরে ভালো কিছু আমরা আশা করতে পারি।
প্রস্তুতি কেমন হয়েছে জানতে চাইলে সুমন বলেন, এরচেয়ে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না। আরেকটু আগে গেলে হয়তো আরেকটু ভালো হতো। কারণ, কন্ডিশন একেবারেই আলাদা। সেখানে বেশি সময় কাটাতে পারলে, দুই একটি প্রেকটিস ম্যাচ বেশি খেলতে পারলে সেটা অনেক সাহায্য করতে পারত। তবে যেটুকু প্রস্তুতির সময় পাব, তার মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে।
এন-কে


আপনার মতামত লিখুন