ভিন্নভাবে ওয়ার্নকে স্মরণ করলেন অজি ফুটবলার
পুরো বিশ্বে শেন ওয়ার্নকে পছন্দ এমন অনেক ক্রিকেটার রয়েছেন। তবে ফুটবলেও যে তার প্রভাব রয়েছে তা আগে জানা ছিল না অনেকের। তবে এবার অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি লেগ স্পিনারকে স্মরণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার জর্জে ব্ল্যাকউড। তবে তার স্মরণ করার ধরনটি ছিল একটু ভিন্ন।
সোমবার (১৪ মার্চ) ‘এ’ লিগের ম্যাচে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে নিউক্যাসেল জেটসের বিপক্ষে খেলতে নামেন ব্ল্যাকউড। ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় পেয়ে যান গোলও। এরপরই ফুটবল দিয়ে শেন ওয়ার্নের মতো লেগ স্পিন করে কিংবদন্তিকে স্মরণ করেন তিনি।
গোলের পর বলটাকে হাতে নিয়ে লেগ স্পিন করার ভঙ্গি করেন তিনি। শেন ওয়ার্নের সম্মানে এমন এমন ভিন্ন উদযাপন করেছেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন ব্ল্যাকউড।
এর আগে অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের মৃত্যুর পর ক্রিকইনফোতে লেখা এক কলামে তিনি দাবি করেছিলেন ওয়ার্ন ছিলেন ‘মেগাস্টার’।
ম্যাচ শেষে ব্ল্যাকউড বলেছেন, ‘আমি বেড়ে উঠার সময়টাতে শেন ওয়ার্নকে ভালোবাসতাম। লেগ স্পিন করার চেষ্টাও করতাম তাই তাকে ট্রিবিউট জানাতে এমন উদযাপন করেছি।’
গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। এরপর থেকে তার শোক ছুঁয়ে গেছে বিশ্ব ক্রিকেটের সব অঙ্গনকে। ক্রিকেটাঙ্গনে বেশি হলেও অন্য খেলাতেও শোকের ছায়া নেমে এসেছে। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে বিদায় জানানো হবে কিংবদন্তি এই লেগ স্পিনারকে।
এন-কে


আপনার মতামত লিখুন