দুষ্কৃতকারীদের গুলিতে মাঠেই খুন ভারতের সাবেক অধিনায়ক
মাথা ও বুক লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের কাবাডি দলের সাবেক অধিনায়ক সন্দীপ নানগালকে। পাঞ্জাবের জলন্ধরের মালিয়ান গ্রামে একটি ম্যাচ চলাকালীন মাঠেই খুন হলেন ভারতের সাবেক কাবাডি অধিনায়ক সন্দীপ নানগাল।
নানগাল স্ত্রী-সন্তানদের নিয়ে ইংল্যান্ডে থাকেন। মূলত এই কাবাডি প্রতিযোগিতার জন্যই প্রতিবার দেশে আসেন তিনি। কিন্তু এবার আর পরিবারের কাছে ফেরা হলো না।
সোমবার (১৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জলন্ধরের ডেপুটি পুলিশ সুপার লখবিন্দর সিং জানিয়েছেন, আট থেকে দশটি গুলি চালানো হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা সন্দীপের বুক ও মাথা লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি চালায়।
সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সন্দীপকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১২ জন দুষ্কৃতী হামলা চালায় সন্দীপের ওপর। কেউ কেউ বলছেন, চারজন বন্দুকধারী ছিল।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কাবাডি খেলেছেন সন্দীপ নানগাল। শুধু ভারত বা পাঞ্জাব নয়, কানাডা, আমেরিকা এবং ইংল্যান্ডেও সুনামের সঙ্গে খেলেছেন তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন