খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবরের সেঞ্চুরিতে করাচি টেস্টে রোমাঞ্চের আভাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
বাবরের সেঞ্চুরিতে করাচি টেস্টে রোমাঞ্চের আভাস

করাচি টেস্টের প্রথম তিন দিন ছিল চরম ম্যাড়ম্যাড়ে। যেখানে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। দাপুটে ব্যাটিং দিয়ে পাকিস্তানকে খুব ভুগিয়েছে অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানি বোলারদের প্রায় ২১২ ওভার বোলিং করিয়েছে অসিরা। স্বাগতিকদের ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত করে শেষ পর্যন্ত ইনিংস ছেড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তানকে মোট ৫০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে প্যাট কামিন্সের দল।

গতকাল মঙ্গলবার চতুর্থ দিন এ বিশাল রানের লক্ষ্য নিয়ে পাকিস্তান যখন ব্যাটিংয়ে নামে, তখন তাদের নিয়ে আশা ছিল কম মানুষেরই। কারণ কার্যত এ রান টপকানো অসম্ভব। এমনকি প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে অলআউট হওয়া পাকিস্তানের পক্ষে ড্র করাও এক রকমের অসম্ভবের মতো ছিল। কিন্তু, সে অসম্ভবকে কিছুটা হলেও সম্ভব করার আভাস দিচ্ছে পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম। তাঁর সঙ্গে ব্যাটিংয়ে দৃঢ়তা দেখাচ্ছেন আবদুল্লাহ শফিক। দুই ব্যাটারের চমৎকার জুটিতে রোমাঞ্চ জাগছে করাচিতে।

কাল দিন শেষে ২ উইকেটে ১৯২ রানে টিকে ছিল পাকিস্তান। সেঞ্চুরিয়ান বাবর আজম ১০২ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ৭১ রানে উইকেটে ছিলেন শফিক। এখনও ৩১৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। ম্যাচ বাঁচাতে হলে আজ বুধবার পুরো দিন টিকে থাকতে হবে পাকিস্তানকে। আর জিততে হলে স্কোরবোর্ডে তুলতে হবে আরও ৩১৪ রান। এবার শেষ দিনে কোন রোমাঞ্চ হয়, সেটাই দেখার।

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার করাচি টেস্টে দুই রকম চিত্র দেখছে ক্রিকেট ভক্তরা। টেস্টের প্রথম দিন থেকে ব্যাটের সঙ্গে বলের অসম প্রতিযোগিতা ছিল। লম্বা সময় ব্যাটিং করে পাহাড়সম সংগ্রহ তুলে নেয় অস্ট্রেলিয়া। এমন ব্যাটিংয়ের ফলে ম্যাচের দুই দিন যেতে না যেতেই ড্রয়ের আভাস দিচ্ছিল করাচি টেস্ট।

কিন্তু, গত সোমবার তৃতীয় দিন আসতেই এ করাচিতে দেখা গেল ভিন্ন রূপ। অস্ট্রেলিয়ার ব্যাটাররা রীতিমতো যে উইকেটে রানের জোয়ারে ভাসছিল, সে উইকেটেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ইনিংস।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল অসিদের বোলিং তোপে মাত্র ১৪৮ রানেই থেমে গেল পাকিস্তান। মিচেল স্টার্ক-মিচেল সোয়েপসনদের বোলিংয়ের সামনে স্বাগতিকদের অবস্থা নাজেহাল।

উইকেটে টিকতেই কষ্ট হয়েছিল পাকিস্তানের ব্যাটারদের। সর্বোচ্চ ১৫৪ মিনিট টিকতে পেরেছেন বাবর আজম। এ সময়ে সর্বোচ্চ রানও এসেছে তাঁর ব্যাট থেকেই। পাকিস্তানের অধিনায়ক করেন ৭৯ বলে খেলে ৩৬ রানের ইনিংস। বাকিদের মধ্যে দুজন কেবল ২০ রান করে করতে পেরেছেন। আর সবাই মেতেছিলেন আসা-যাওয়ার মিছিলে।

মিচেল স্টার্ক ২৯ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। সোয়েপসন ৩২ রান খরচায় পেয়েছেন দুটি উইকেট। সমান একটি করে পেয়েছেন প্যাট কামিন্স, নাথান লায়ন ও ক্যামরুন।

অথচ এর আগে এ উইকেটে ব্যাট করেই প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। এই উইকেটেই ৫৫৬ মিনিট ব্যাট করেছেন উসমান খাজা। ৩৬৯ বলে ১৬০ রানের চমৎকার ইনিংস উপহার দিয়েছেন তিনি। তিনি ছাড়া বাকিরাও রান পেয়েছেন বেশ।

অবশ্য পাকিস্তানকে অল্পতে থামিয়েও ফলোঅনে পাঠায়নি অস্ট্রেলিয়া। বরং নিজেরা আবার ব্যাটিংয়ে নামে। পাকিস্তানের বোলারদের আরও ক্লান্ত বানিয়ে ছাড়ে। শেষ পর্যন্ত কাল চতুর্থ দিনে ৯৭ রান করে দ্বিতীয় ইনিংস ছাড়ে অসিরা। ফলে পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৫০৬ রানের।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৮৯ ওভারে ৫৫৬/৯ ডিক্লে. (আগের দিন ৫০৫/৮) (স্টার্ক ২৮, কামিন্স ৩৪*, সোয়েপসন ১৫*; আফ্রিদি ৩২-৮-৯৫-১, হাসান ২৫-৭-৭১-১, ফাহিম ২১-৪-৫৫-২, সাজিদ ৫৭-১০-১৬৭-২, নুমান ৪৮-৬-১৩৪-১, বাবর ৪-০-৭-১, আজহার ২-০-১০-০)।

পাকিস্তান ১ম ইনিংস : ৫৩ ওভারে ১৪৮ (শফিক ১৩, ইমাম ২০, আজহার ১৪, বাবর ৩৬, ফাওয়াদ ০, রিজওয়ান ৬, ফাহিম ৪, সাজিদ ৫, হাসান ০, নুমান ২০*, আফ্রিদি ১৯; স্টার্ক ১৩-৫-২৯-৩, কামিন্স ১৯-২-৩৯-১, লায়ন ৯-৫-১৩-১, সোয়েপসন ৯-১-৩২-২, গ্রিন ৮-১-২৩-১, লাবুশেন ১-০-৪-০)।

অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২২.৩ ওভারে ৯৭/২ (খাওয়াজা ৪৪*, ওয়ার্নার ৭, লাবুশেন ৪৪; আফ্রিদি ৬.৩-০-২১-১, হাসান ৭-০-২৩-১, সাজিদ ৫-০-৩১-০, ফাহিম ৩-০-১৩-০, নুমান ১-০-৭-০)।

পাকিস্তান ২য় ইনিংস : (লক্ষ্য ৫০৬) ৮২ ওভারে ১৯২/২ (শফিক ৭১*, ইমাম ১, আজহার ৬, বাবর ১০২*; স্টার্ক ১২-৫-২৯-০, কামিন্স ১৩-৫-৩৫-০, সোয়েপসন ২৭-৬-৫৭-০, লায়ন ২২-৪-৫০-১, গ্রিন ৮-২-১৫-১)।

এন-কে

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।