আফিফের ফিফটিতে লড়িয়ে পুঁজির পথে বাংলাদেশ
দলের অন্যরা প্রোটিয়া পেসারদের সামনে যেখানে একের পর এক খাবি খাচ্ছিলেন, সেখানে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকেন আফিফ হোসাইন ধ্রুব। সাত নম্বরে নেমে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ফিফটিও। সেইসঙ্গে রিয়াদের সঙ্গে ৬০ রানের জুটি গড়ার পর মিরাজকে নিয়ে যোগ করেছেন আরও ৮৬ রান। যাতে দেড়শ পার করে এখন একটা লড়াকু স্কোরের লক্ষ্যেই ছুটছে বাংলাদেশ।
মাসখানেক আগেই অবশ্য এমনই একটা পরিস্থিতিতে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়েছিলেন আফিফ। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে মাত্র ২৮ রানে ৫ উইকেট পড়ার পর উইকেটে এসে ক্যারিয়ার সেরা ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।
আজও টাইগারদের পঞ্চম উইকেটের পতন ঘটে মাত্র ৩৪ রানে। সেখান থেকে ব্যাটিংয়ে নেমে একের পর একে দৃষ্টিনন্দন শটে দ্বিতীয় ফিফটি তুলে নিলেন আফিফ হোসাইন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ১৮০ রান। আফিফ হোসাইন ৭২ রানে এবং মেহেদী হাসান মিরাজ খেলছেন ৩৮ রান নিয়ে। ৯৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেট জুটিতে এ দুজন মিলে যোগ করে ফেলেছেন ৮৬ রান।
ইনিংসের ১৩তম ওভারে উইকেটে আসার পর মুখোমুখি তৃতীয় বলেই প্রথম বাউন্ডারি হাঁকান আফিফ। কাগিসো রাবাদার করা সেই ওভারে দুটি চার মারেন তিনি। পরে টেম্বা বাভুমা, তাবরাইজ শামসি কিংবা কেশভ মহারাজদেরও উইকেট থেকে সুবিধা আদায় করে নিতে দেননি এ বাঁহাতি ব্যাটার।
ইনিংসের ৩৫তম ওভারে লুঙ্গি এনগিডির বলে চার মেরে পৌঁছে যান ৪৮ রানে। পরের ওভারে মহারাজের বলে দৃষ্টিনন্দন শটে হাঁকান আরেক বাউন্ডারি। অবশ্য সেই ওভারের প্রথম বলে এক রান নিয়েই পূরণ হয় আফিফের দ্বিতীয় ফিফটি। পঞ্চাশে পৌঁছাতে ৭৯ বল খেলেন তিনি। যেখানে ছিল ৭টি চারের মার।
এন-কে


আপনার মতামত লিখুন