আবারো পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার
তিন ম্যাচ টেস্টে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টে নিষ্ফলা ড্র হলেও তৃতীয় ম্যাচে ফল এসেছে। ঘরের মাঠে টেস্ট সিরিজ হারায় পাকিস্তান দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক পেসার শোয়েব আখতার।
ঘরের মাঠে হোক বা ঘরের বাইরে, যে কোনো সিরিজ হারলেই সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তানের ক্রিকেটারদের। আর তাদের মধ্যে সবচেয়ে প্রথম মুখ খোলেন শোয়েব। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওবার্তা পাঠিয়েছেন শোয়েব আখতার।
শোয়েব বলেন, ‘খুবই হতাশাজনক সিরিজ, একদম নির্বোধের মতো খেলা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজম্যান্ট- উভয়ই সিরিজ ড্র করার কথা ভেবেছে। তারা চেয়েছে আমরা জিতব না, ওরাও জিতবে না। স্রেফ ড্র দিয়েই সিরিজ শেষ করে দেওয়া যাক।’
তবে সিরিজের শেষ ম্যাচের শেষ দিনেই ম্যাচটি জিতে সিরিজও জিতে নেয় বর্তমানে টেস্টে এক নম্বর দল। সিরিজ জয়ের ফলে অস্ট্রেলিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন শোয়েব। তিনি সেই ভিডিওতে বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য টুপিখোলা সম্মান। আমি সত্যিই তাদের জন্য অনেক খুশি। এটি তাদের ঘরের মাঠ নয়। দলের কোনো খেলোয়াড় আগে পাকিস্তানে খেলেনি। তারা এখানে এসেছে এবং সাহসী ক্রিকেট খেলেছে। বোলাররা জানত না, এসব কন্ডিশনে ঠিক কখন বল রিভার্স করে। তবু মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই স্কিল রপ্ত করেছে। নাথান লিয়ন, যে আগে কখনো পাকিস্তান সফর করেনি, সেও ৫ উইকেট নিয়েছে।’
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পা রেখেছে অস্ট্রেলিয়া। রাওয়ালপিন্ডি ও করাচিতে ব্যাটারদের দাপটে সিরিজে দুই ম্যাচ ফলাফল ড্রয়ের খাতায় নাম লেখালেও শেষ ম্যাচে অজি অধিনায়ক প্যাট কামিন্সের দূরদর্শিতায় বড় জয় পেয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।
এদিকে সিরিজ হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান নেমে গেছে দুই ধাপ, আর অস্ট্রেলিয়া শীর্ষ স্থান ধরে রেখেছে। আর ভারত লাফিয়েছে একধাপ। অন্যদিকে বাবরদের টপকে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এন-কে


আপনার মতামত লিখুন