খুঁজুন
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মিথ ঝড়ে ২০৫ করেও হারল ব্যাঙ্গালোর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১:১২ অপরাহ্ণ
স্মিথ ঝড়ে ২০৫ করেও হারল ব্যাঙ্গালোর

স্কোরবোর্ডে দুই শতাধিক রান তুলেও হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রোববার রাতে পাঞ্জাব কিংস তাদের হারিয়ে দিল ৫ উইকেটে। ফ্যাফ ডু প্লেসিস, বিরাট কোহলিরা ভালো খেলা সত্ত্বেও শেষ হাসি হাসল পাঞ্জাব। একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিলেন ৮ বলে ২৫ করা ওডিন স্মিথ।

রাতের ওই ম্যাচে আরসিবির বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল। ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি ফ্যাফ ডু প্লেসিস এবং অনুজ রাওয়াত। প্রথম উইকেট জুটিতেই উঠে যায় ৫০ রান। ব্যক্তিগত ২১ রানে রাওয়াত ফেরার পর আর রোখা যায়নি আরসিবিকে।

দ্বিতীয় উইকেটে কোহলিকে নিয়ে প্লেসিস যোগ করেন ১১৮ রান। যে জুটিতে বড় ভূমিকা রেখেছিলেন প্লেসিসই। অনেকেই মনে করেছিলেন, নেতৃত্বের চাপ হয়তো এই প্রোটিয়াকে বিপদে ফেলতে পারে। কিন্তু নিজ দেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসা ডু প্লেসিস একজন পোড়খাওয়া ক্রিকেটার।

শুরুতে ধীর গতির হলেও বিন্দুমাত্র চাপ ছাড়াই পাঞ্জাবের বোলারদের মাঠের বাইরে পাঠাতে থাকেন পরের দিকে। সব থেকে বেশি মার খান ওডিন স্মিথই। ৪ ওভারে ৫২ রান দেন তিনি। তবে আর্শদীপের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে খেলেন ৫৭ বলে ৮৮ রানের মারদাঙ্গা ইনিংস। যে ইনিংসে ছিল ৩টি চারের বিপরীতে ৭টি ছয়ের মার।

জুটির শেষের দিকে হাত খুলতে দেখা যায় কোহলিকেও। তবে আরসিবি যে দুইশ পার করা স্কোর পেল, তার পিছনে মূল কৃতিত্ব দীনেশ কার্তিকেরই। কলকাতায় হয়ে খেলে গত মৌসুমে খুব বেশি সাফল্য পাননি। দল বদলেই যেন ফিরলেন পুরনো ছন্দে। ক্রিকেটীয় পরিভাষায় শেষের দিকে ‘পিঞ্চ হিটিং’ করলেন কার্তিক।

১৪ বলে তার অপরাজিত ৩২ রানের ইনিংসে ছিল সমান তিনটি করে চার ও ছয়ের মার। এছাড়া কোহলি ২৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। যার ফলে নির্ধারিত ওভারে ২০৫ রান তোলে আরসিবি।

ধরে নেয়া হয়েছিল, প্রতিপক্ষের এই বিপুল রান চাপে ফেলবে পাঞ্জাবকে। কিন্তু মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ানের ওপেনিং ব্যাটিং দেখে তা বোঝা যায়নি একটুও। গতবার মায়াঙ্কের সঙ্গে রাহুলের জুটি দারুণ সফল ছিল। এবার রাহুল অন্য দলে। কিন্তু প্রথম ম্যাচেই মায়াঙ্ক-শিখর জুটিও সফল হওয়ার বার্তা দিয়ে গেল।

প্রথম উইকেট জুটিতেই উঠল ৭১ রান। ২৪ বলে ৩২ করা মায়াঙ্ক ফেরার পরও ভালোই খেলছিলেন ধাওয়ান। কিন্তু নতুন দলের হয়ে প্রথম অর্ধশতকটা পাওয়ার আগেই ফিরতে হল তাকেও। ২৯ বলে ৪৩ করে ফেরেন বাঁহাতি ওপেনার। যাতে ১১৮ রানে দ্বিতীয় উইকেট হারায় পাঞ্জাব।

এর পরেই নামেন ভানুকা রাজাপাক্সে। শ্রীলঙ্কার এই ক্রিকেটার এবারই প্রথম আইপিএল খেললেন। প্রথম ম্যাচেই চারটি বিশাল ছক্কার সাহায্যে করলেন শিখরের সমান ৪৩ রান, তবে বল খেললেন ২২টি। বেশি চড়াও হয়েছেন স্বদেশী বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গাকেই।

১৪তম ওভারের শুরুতেই ১৩৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারালেও অবশ্য জয়ের ভিত তৈরি হয়ে যায় পাঞ্জাবের। যদিও তখন মোহাম্মদ সিরাজের দাপটে খেলা কিছুক্ষণের জন্য হলেও ঘুরে যায় আরসিবির পক্ষে। ডানহাতি এই পেসার পর পর ভানুকা এবং রাজ বাওয়াকে (০) তুলে নেন। কিন্তু শেষ দিকে শাহরুখ খান এবং ওডিন স্মিথের ঝোড়ো ব্যাটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।

মাত্র ৮ বল খেলে তিন ছক্কায় ২৫ রান তুলে নিয়ে ম্যাচ সেরা হন ক্যারিবীয় দানব। অন্যদিকে, ২০ বলে ২৪ করে অপরাজিত থাকেন শাহরুখ খান। সিরাজ ৫৯ রান দিয়ে ২টি এবং হাসারাঙ্গা ৪০ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

এন-কে

Feb2

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।

চীনের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যান।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। স্বল্পসময়ের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়েছে।