বাদ পড়ল নাইজেরিয়া, স্টেডিয়ামে সমর্থকদের ব্যাপক ভাঙচুর
১৬ বছর পর বিশ্বকাপে নেই আর্জেন্টিনার প্রিয় গ্রুপ প্রতিপক্ষ সুপার ইগল খ্যাত নাইজেরিয়া। ঘানার বিপক্ষে আফ্রিকান প্লে–অফের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে মঙ্গলবার (২৯ মার্চ) ১-১ গোলে ড্র করেছে নাইজেরিয়া। এর আগে ঘানার মাঠে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। ফলে অ্যাওয়ে গোলে নাইজেরিয়াকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন ব্লাক স্টাররা।
এদিকে, ঘরের মাঠে ঘানাকে হারিয়ে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করবে নাইজেরিয়া, সমর্থকসহ সবার প্রত্যাশা ছিল এমনই। দলকে উদ্দীপ্ত করতে তাই ২০ হাজার টিকিট বিনা মূল্যে বিতরণ করা হয়েছিল। তবে মাঠের খেলায় শেষমেশ ঘটল উল্টোচিত্র। ম্যাচের দশম মিনিটের মাথায় প্রথম গোল খেয়ে বসে স্বাগতিক নাইজেরিয়া। আর্সেনালের মিডফিল্ডার টমাস পার্টি দৃষ্টিনন্দন গোলে ঘানাকে লিড এনে দেন।
তবে শুরুতে গোল হজমের পর শোধ দিতেও বেশি সময় নেয়নি নাইজেরিয়া। ২২ তম মিনিটে গোল করেন ডিফেন্ডার উইলিয়াম ট্রুস্ট-একোং। কাতার বিশ্বকাপ নিশ্চিত করতে হলে ম্যাচটা জিততেই হতো সুপার ইগলদের। তবে এই চাপই শেষ পর্যন্ত কাল হলো তাদের। ১-১ গোলে ড্র করার পর আর কোনো গোল দিতে পারেনি নাইজেরিয়া।
এদিকে ২০০৬ সালের পর ১৬ বছরের মাথায় আবারও দলের এমন ভরাডুবি মেনে নিতে পারেনি সমর্থকরা। ক্ষিপ্ত সমর্থকরা মাঠে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, গোলযোগের মাত্রা এত মারাত্মক ছিল যে, টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেও উদ্যাপন করার সাহস পায়নি ঘানা।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়ে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে শেষ হাসি হাসলেন সাদিও মানে। তাতেই বিশ্বকাপের আসরে বুট পরে মাঠে নামা হচ্ছে না লিভারপুল উইংগার মোহাম্মদ সালাহর। মঙ্গলবার (২৯ মার্চ) সেনেগালের স্তাদে মে আবদুলায়ে ওয়াদেতে প্লে-অফের দ্বিতীয় লেগে টাইব্রেকারে ৩-১ গোলে হেরে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে মিসর। এদিন পেনাল্টি মিস করেছেন মোহামেদ সালাহ।
সেনেগালের মাঠে কাল ঘটেছে আগের লেগের ঠিক উল্টো ঘটনা। কায়রোয় মিসর জয় পেয়েছিল সেনেগালের সালুয়ে সিসের আত্মঘাতী গোলে। এদিন সেনেগাল এগিয়ে গেল মিসরের হামিদ ফাতিহের গোলে। নিজেদের জালেই গোল দিয়েছেন মিসরীয় মিডফিল্ডার। ৪ মিনিটে সেই গোলের পর খেলায় আর গোল করতে সমর্থ হয়নি দুদলের কেউই। তাতে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়।
এন-কে


আপনার মতামত লিখুন