খুঁজুন
রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পি কে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ
পি কে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলা

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতে গ্রেপ্তার এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি প্রশান্ত কুমার (পি কে) হালদারের নামে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন এ মামলায় ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এতে পি কে হালদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ ১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত।

মামলার অপর আসামিরা হলেন—এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম এ হাফিজ, সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, পরিচালক অরুণ কুমার কুণ্ডু, অঞ্জন কুমার রায়, মো. মোস্তাইন বিল্লাহ, উজ্জল কুমার নন্দী, সত্য গোপাল পোদ্দার, এফএএস ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল শাহরিয়ার, দিয়া শিপিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শিব প্রসাদ ব্যানার্জী ও পরিচালক পাপিয়া ব্যানার্জি।

এর আগে কমিশন মামলাটির অনুমোদন দেয়। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ৪৪ কোটি টাকা তুলে আত্মসাৎ ও পাচার করে ব্যক্তিগতভাবে লাভবান হন।

হালদারকে দেশে আনতে কমিটি

পি কে হালদারকে ভারত থেকে দেশে আনতে বুধবার কমিটি করে দুদক। ওই কমিটিতে রয়েছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ও গুলশান আনোয়ার। এ কমিটি ভারতে গ্রেপ্তার পি কে হালদারকে দ্রুত দেশে ফেরানোর আইনগত বাধা দূরীকরণে কাজ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আপাতত দুই সদস্যের কমিটি করা হলেও প্রয়োজনে সদস্য পাঁচ জন পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছে দুদক সূত্র।

কী বলছেন মন্ত্রীরা

পি কে হালদারকে দ্রুত দেশে ফেরত আনতে চায় সরকার। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘মূল অপরাধ যেহেতু বাংলাদেশে সংঘটিত হয়েছে, সেহেতু ভারতে বিচারের আগেই পি কে হালদারকে ফেরত চাইবে ঢাকা।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ হবে তাঁকে ফিরিয়ে আনা। যে মুহূর্তে তাঁকে ফিরিয়ে আনা হবে, তখন থেকে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হবে। পি কে হালদারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সে অভিযোগের বিচার করে তাঁর পাচার করা অর্থ ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘পাচার করা অর্থ ফিরিয়ে আনা খুব কঠিন। তবে, মানি লন্ডারিং আইন যেহেতু বিশ্বের সব জায়গায় কঠোরভাবে মানা হচ্ছে, তাই টাকা ফিরিয়ে আনার বিষয়ে আমরা আশাবাদী।’

একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দোরাইস্বামী। তিনি জানান, দুদকের দেওয়া তথ্যের ভিত্তিতেই ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন পি কে হালদার।

গ্রেপ্তার ও রিমান্ড

গত শনিবার পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয় পি কে হালদারসহ ছয় জনকে। এরপরই তিন দিনের জন্য রিমান্ডে নেওয়া হয় তাঁদের। গ্রেপ্তারের সময় পি কে হালদারের কাছ থেকে ভারতের নাগরিকত্ব, আধার কার্ডসহ বেশ কিছু নথি জব্দ করে অর্থসংক্রান্ত গোয়েন্দা সংস্থা ইডি।

মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গের কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের সিবিআই আদালতে পি কে হালদারসহ ছয় জনকে হাজির করা হয়। সেখানে গ্রেপ্তার পাঁচ জনের ১০ দিন করে রিমান্ডে চাইলে আদালত কিছুটা সময় নিয়ে হেফাজতের নির্দেশ দেয়।

এন-কে

Feb2

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, কেবল পরীক্ষার হলে এসে ভালো করার আশা করলে হবে না; সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, প্রস্তুতি ও আত্মবিশ্বাস।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল ও ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।

আজ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার চলমান সূচির মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রশাসক বলেন, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণত কিছুটা চাপ ও সংশয় কাজ করে। সে কারণে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং কেন্দ্রগুলোর পরিবেশ দেখতে তিনি বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শন করছেন।

তিনি বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত পড়াশোনা, সঠিক প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহার ছাড়া ভালো ফল সম্ভব নয়। আমরা চাই, আমাদের সন্তানরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং দেশের সম্পদে পরিণত হোক।”

জেলা প্রশাসক আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরীক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

তিনি আজ জেলার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। তাঁদের কাছ থেকেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন ভালো হয়েছে এবং তারা স্বস্তির সঙ্গে পরীক্ষা দিচ্ছে।

পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দীন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পেশনে পদায়ন করা হলো।

এর আগে এনআইডির ডিজি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। তাকে গত ১৩ এপ্রিল বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যায় সরকার।