খুঁজুন
, ,

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 25 June, 2022, 11:08 am
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আজ

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই সেই মাহেন্দ্রক্ষণ। যে সময়টিতে এতো দিনের স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেবে। মানুষ পার হবে দেশের টাকায় তৈরি পদ্মা সেতু দিয়ে। আর সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনটি ঘিরে আয়োজন করা হয়েছে জনসভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। নিশ্ছিদ্র নিরাপত্তায় উদ্বোধন করা হবে সেতু, চলবে জনসভা।

দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলায়-উপজেলায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এদিকে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশেষ নির্দেশনা দিয়েছে ট্রাফিক।

পদ্মা সেতু উদ্বোধন ঘিরে রঙ-বেরঙয়ের ব্যানার ফেস্টুনে ভরে গেছে এক্সপ্রেসওয়ে থেকে সেতু এলাকা পর্যন্ত। মানুষ এখন উদ্বোধনের ক্ষণ গুণছে। এরইমধ্যে সেতুর মূল ঠিকাদার চায়না মেজর ব্রিজ কোম্পানি সেতু কর্তৃপক্ষের কাছে সেতুটি বুঝিয়ে দিয়েছে।

৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু আজ শনিবার সকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেবেন। সেখানে পদ্মা সেতুর ফলক উন্মোচনের পর টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যাবেন। সেখানেও পদ্মা সেতুর নাম ফলক উন্মোচন করবেন তিনি। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

মাদারীপুরের বাংলাবাজারে বিশাল জনসভার প্রস্তুতি

জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগের জন্য লাখ লাখ মানুষের জন্য তৈরি করা হচ্ছে ব্যবস্থা। পয়ঃনিষ্কাশনের জন্য নির্মাণ করা হচ্ছে ছয় শতাধিক টয়লেট, থাকছে পর্যাপ্ত পানির ব্যবস্থা। নদীপথে আসা মানুষের জন্য তৈরি করা হচ্ছে ২০টি পল্টুন। থাকবে ৪০ শয্যাবিশিষ্ট তিনটি অস্থায়ী হাসপাতালও।

প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে জনসভাস্থলের সভামঞ্চ পদ্মা সেতুর আদলে সাজানো হচ্ছে। এসব ঘিরে মানুষের মনে, বিশেষ করে পদ্মাপাড়ের মানুষের ঘরে বইছে উৎসব। নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা ও নিরাপত্তা চৌকি। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিশ্ছিদ্র নিরাপত্তা

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী (বাংলাবাজার) ঘাটে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।

গতকাল শুক্রবার জনসভাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম ও আইজিপি ড. বেনজীর আহমেদ। পরিদর্শনের সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদপত্রে জারি করা ট্রফিক নির্দেশনা সবাইকে মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘আপনারা জানেন সেতু মন্ত্রণালয়ের একটা নিরাপত্তা কমিটি আছে, তারা কাজ করছে। আমরাও সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি দেখতে এসেছি। আমাদের সঙ্গে গোয়েন্দা সমন্বয় রয়েছে। এ ঐতিহাসিক অনুষ্ঠানটি আমরা নিরাপদে পালন করতে সক্ষম হবো।’

ট্রাফিক নির্দেশনা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে নির্ধারিত সময়ে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঢাকা মহানগর থেকে যাত্রা শুরুর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ঢাকা থেকে মাওয়ার গমনাগমন রুট

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকা থেকে আসা আমন্ত্রিত অতিথিরা ঢাকা মেডিকেল কলেজ-সংলগ্ন চানখাঁরপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশমুখ-যাত্রাবাড়ী অংশের বাঁ লেন-ধোলাই পাড় টোলপ্লাজা-ধোলাই পাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে যাবেন।

গুলিস্তানের জিরো পয়েন্ট (বঙ্গবন্ধু অ্যাভিনিউ) থেকে আসা আমন্ত্রিত অতিথিরা জিরো পয়েন্ট-গুলিস্তান আহাদ বক্স-সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশমুখ-যাত্রাবাড়ী অংশের বাঁ লেন-ধোলাই পাড়-টোলপ্লাজা-ধোলাই পাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে যাবেন।

মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক থেকে আসা অতিথিরা শাপলা চত্বর-ইত্তেফাক ক্রসিং-হাটখোলা মোড়সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ-যাত্রাবাড়ী অংশের বাঁ লেন-ধোলাই পাড়-টোলপ্লাজা-ধোলাই পাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে যাবেন।

কমলাপুর, টিটিপাড়া থেকে আসা অতিথিরা কমলাপুর, টিটিপাড়া ক্রসিং-গোলাপবাগ মোড়-ইনগেটসংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ-যাত্রাবাড়ী অংশের বাঁ লেন-ধোলাই পাড়-টোলপ্লাজা-ধোলাই পাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে যাবেন।

কাঁঠালবাড়িতে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীদের নির্দেশনা

রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা সড়কের যানবাহন লালনশাহ সেতু অথবা যমুনা সেতু ব্যবহার করবে। তবে প্রতিকূল আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পারাপার ব্যাহত হতে পারে। তাই লালনশাহ সেতু ব্যবহার করা সমীচীন হবে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলা সড়কের যানবাহনগুলো চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট ব্যবহার করবে। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে আসা যানবাহনগুলো ঢাকা মহানগরে প্রবেশের পরিবর্তে কালিয়াকৈর-নবীনগর-পাটুরিয়া হয়ে গমনাগমন করবে।

বিমান বাহিনীর ফ্লাইং ডিসপ্লে

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ডিসপ্লের আয়োজন করেছে। ৩১টি বিমান এবং হেলিকপ্টারের সমন্বয়ে ডিসপ্লেগুলো প্রদর্শিত হবে আগামীকাল শনিবার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআ) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এন-কে

Feb2
Feb2

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই পুলিশকে শোকজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:39 pm
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই পুলিশকে শোকজ

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় ওই এলাকার শীর্ষ মাদক কারবারি, আর্জেন্টাইন সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫)।

আটকের সময় মাদক কারবারি রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।

পরে এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে মাদক কারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে বিএমপির মিডিয়া উইং থেকে ছবি পাঠানো হয় গণমাধ্যমে। মিডিয়া উইংয়ের গ্রুপের এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।

জানা গেছে, গণমাধ্যমে ভুল তথ্য এবং এআই দিয়ে বানানো ছবি পাঠানো মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল আহমেদ আর্জেন্টাইন সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ে কর্মরত আছেন।

যদিও-বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে স্বীকার করেছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ। তাছাড়া দায়িত্বশীল পদে থেকে অপেশাদার আচারণের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, মঙ্গলবার (৩০ জুন) উপ-পরিদর্শক তানজিল আহমেদকে কমিশনার স্যার নিজ দপ্তরে তলব করেছিলেন। তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি মিডিয়া উইং থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে বিষয়টি কমিশনার স্যার নিশ্চিতভাবে বলতে পারবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 4:26 pm
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এ রায়ের পর মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা গাছ চেইনসো (গাছ কাটার ইলেকট্রনিক করাত) দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সেগুলোর গুঁড়ি সড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করে। পুরো গাছ কেটেও রাখা হয়েছে সড়কে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

সড়কে অবরোধের কারণে অন্তত ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বার আউলিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার বিকেল সাড়ে ৩টার দিকে জানান, মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আদালতের রায়ের পর আইনজীবীরা জানান, এখন চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে, নাকি জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীকে নির্বাচিত ঘোষণা করা হবে, তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

এর আগে গত ১৫ জুন আপিল বিভাগ মামলার রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

গত ৩ ফেব্রুয়ারি আনোয়ার সিদ্দিকীর করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন কমিশনকে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছিলেন। তবে একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না করার নির্দেশও দেওয়া হয়।

পরে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিলেও আদালতের নির্দেশনা অনুযায়ী ওই আসনের ফলাফল এখন পর্যন্ত স্থগিত রয়েছে।

টিসিজেএ প্রীতি ফুটবল: ট্রাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 3:53 pm
টিসিজেএ প্রীতি ফুটবল: ট্রাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর, রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ৫-৪ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে জয়লাভ করেছে ব্রাজিল। ‘টিভি ক্যামেরা জার্নালিষ্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম’-এর আয়োজনে এই জমকালো ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

​খেলা শেষে এক বর্ণাঢ্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন।

​ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ট্রেড এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম এসোসিয়েটের স্বত্বাধিকারী মোঃ ফরিদ উদ্দিন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরো চিফ আবুল হাসনাত এবং দীপ্ত টিভির ব্যুরো চিফ লতিফা আনসারী।

​আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন টিভি ক্যামেরা জার্নালিষ্টস এসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন এবং সংগঠনের সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি পারস্পরিক সৌহার্দ্য ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।”

​উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলে ভাগ হয়ে খেলা এ ম্যাচে, তারা চরণ টিপুর গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ব্রাজিলের হয়ে সমতা সূচক গোল করেন অনিক বিশ্বাস। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। খেলার দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে লিড নেয় ব্রাজিল। কিছুক্ষণ পর আর্জেন্টিনাকে সমতায় ফেরান সুমন গোস্বামী। ২-২ গোলে ড্র হওয়া খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে টাইব্রেকের সাডেন ডেথে ৪-৩ গোলে জয় পায় ব্রাজিল।