মেসিকে দলে নেবে না প্রিমিয়ার লিগের বড় দলগুলো!
বার্সেলোনার ইতিহাসে সেরা খেলোয়াড় তিনিই। ক্লাবটির হয়ে কাঁড়ি কাঁড়ি সাফল্য পেয়েছেন ‘এলএম টেন’। তবে পিএসজিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে মেসির পারফরম্যান্সে ভাটার টান। ৩৫ বছর বয়সী মেসিকে এই সময়ে দলে নিত না প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দল। এমন দাবি করেছে ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার ড্যানি মিলস।
সম্প্রতি টকস্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক এই ইংলিশ ডিফেন্ডার লিওনেল মেসির বিষয়ে তার মতামত জানান। সে সময় তিনি মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেন। তার দেখা সেরা খেলোয়াড়দের মধ্যে মেসিই সেরা বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘আমি যা দেখেছি, তাতে মেসিই সেরা ফুটবলার। আমি জানি, ক্রিশ্চিয়ানো রোনালদোর সংখ্যাগত দিক থেকে এগিয়ে, সে বড় ম্যাচের খেলোয়াড়। তারপরও, যদি শুধু ফুটবলীয় প্রতিভা বিবেচনায় আনা হয়, তাহলে মেসিই সেরা ফুটবলার।’
তবে মেসিকে সেরা মানলেও তার মতে, প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দল তাকে এখন দলে নিতে চাইত না। তিনি বলেন, ‘আমি মনে করি না প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের একটিও তাকে দলে ভেড়াত। লিভারপুল? না। ম্যানচেস্টার সিটি? না। টটেনহ্যাম? না। আমার মনে হয় না তারা তাকে দলে চাইত।’
ড্যানি যাই মনে করুন, অ্যাস্টন ভিলার সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল অ্যাগবোনলাহর মনে করেন, মেসি এখনো তার সেরা অবস্থায় আছেন। তাই প্রিমিয়ার লিগের যেকোনো দল তাকে পেলে লুফে নিত। সহজেই মেসি সেরা একাদশে ঢুকে পড়তে পারতেন। সাবেক অ্যাস্টন ভিলা ফুটবলার বলেন, ‘মেসির সেই মানটা এখনো আছে। সে অনায়াসেই সেই দলগুলোতে শুরুর একাদশে ঢুকে যেতে পারত।’
তবে তাদের এই মন্তব্যের সঙ্গে মেসির প্রিমিয়ার লিগের যোগসূত্র না খুঁজলেও চলে। শিগগিরই বিশ্বের এই সবচেয়ে প্রতিযোগিতাময় লিগে মেসিকে খেলতে দেখার সম্ভাবনা নেই। এ মুহূর্তে মেসিকে নিয়ে দলবদলের বাজারে কোনো গুজব নেই। পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়েরের পরিকল্পনায় ভালোমতোই আছেন আর্জেন্টিনার অধিনায়ক।
পিএসজিতে প্রথম মৌসুমের পারফরম্যান্সে মেসি মন ভরাতে পারেননি সমর্থকদের। লিগের শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে মেসি-নেইমার-এমবাপ্পেদের তারকাবহুল দলকে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। তাই খেলার মাঝে বেশ কয়েকবার তাকে দুয়ো দিয়েছে পিএসজির সমর্থকরা। এ বিষয়টি নিয়ে তখন প্যারিসিয়ানদের কঠোর সমালোচনায় বিদ্ধ করেছিলেন পিএসজির সদ্য বিদায়ী কোচ মাউরিসিও পচেত্তিনো। তবে নতুন মৌসুমে মেসি তার সেরা ছন্দে ফিরবেন বলে বিশ্বাস করেন নতুন কোচ।
এই মৌসুমে মেসির দিকে আলাদা নজর থাকবে ফুটবল ভক্তদের। এই বছরের নভেম্বরে কাতারে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। ৩৫ বছর বয়সী মেসির এটাই হতে পারে শেষ বিশ্বকাপ। এখনো বিশ্বকাপ না জেতা মেসির এটাই শেষ সুযোগ ক্যারিয়ারকে পূর্ণতা দেয়ার।
এন-কে


আপনার মতামত লিখুন