খুঁজুন
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে ‘না’ করে দিল পিএসজি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৪:০৮ অপরাহ্ণ
রোনালদোকে ‘না’ করে দিল পিএসজি

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়ার খবর পুরনো। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ক্লাব ছাড়তে চান তিনি। দল বদলের ইঙ্গিত পেয়ে পর্তুগিজ তারকার প্রতিনিধি জর্জ মেন্ডেস আলোচনা করেছেন একাধিক ক্লাবের সঙ্গে। চেলসির পক্ষ থেকে মৃদু গুঞ্জন শোনা গেলেও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বায়ার্ন, মিলানও উচ্চ বেতনে তাকে দলে ভেড়াতে চায় না। এবার নতুন গুঞ্জন, রোনালদোকে না করে দিয়েছে পিএসজি ।

ইউরোপের ক্লাব ফুটবলে একের পর এক তারকা ফুটবলারকে দলে ভিড়িয়ে তাক লাগিয়ে দিয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। কিলিয়ান এমবাপ্পে, নেইমারের মতো দুই বিশ্বসেরা ফুটবলারের থাকার পরও গত বছরের আগস্টে তারা দলে ভিড়িয়েছিল একুশ শতকের ফুটবল জাদুকর লিওনলে মেসিকে। সে সময় ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফি জানিয়েছিলেন রোনালদোকে তিনি একদিন প্যারিসে নিয়ে আসবেন। যেটা তখন পর্যন্ত ছিল একটা স্বপ্নের মতোই। অথচ এখন তাকে পেয়েও দলে টানছেন না তারা।

বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের নির্ভরযোগ্য ফুটবলবিষয়ক সাংবাদিক লরেন্স ইউলিয়েন। ইউলিয়েনের মতে, রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস পিএসজির সঙ্গে আলোচনা করেছিলেন, যেন তারা রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কিনে নেয়। কিন্তু পিএসজিই মেন্ডেসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফরাসি গণমাধ্যম লেকিপও জানাচ্ছে, রোনালদোকে ফিরিয়ে দিয়েছে পিএসজি।

রোনালদোর বয়সটা ৩৭। কিন্তু যে বয়সে অন্য ফুটবলাররা অবসরে যায় সে বয়সে সমানে মাঠে দৌড়ে বেড়াচ্ছেন এ পর্তুগিজ তারকা। প্রিমিয়ার লিগের গত মৌসুমে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রোনালদো ছিলেন ম্যানইউর সর্বোচ্চ গোলদাতা। বয়স যে তাকে দমাতে পারেনি এ পারফরম্যান্সই তার প্রমাণ। তাছাড়া একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মরিয়া হয়ে থাকা প্যারিস জায়ান্টদের জন্য তো তাকেই বেশি দরকার। রিয়াল মাদ্রিদের হয়ে চার আর ম্যানইউর হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা রোনালদোও যে এ প্রতিযোগিতায় অংশ নিতে মরিয়া হয়ে আছেন। তারপরও কেন তাকে নিয়ে আগ্রহ নেই পিএসজির?

ইএসপিএন জানাচ্ছে, মেন্ডেস সরাসরি রোনালদোর ব্যাপারে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি ও সদ্য দায়িত্ব পাওয়া ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে কথা বলেছেন। কেউই রোনালদোকে দলে নেয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। পিএসজি নাকি জানিয়েছে, মেসি-নেইমার-এমবাপ্পের পর রোনালদোর মতো তারকাকে পোষার মতো টাকা খরচ করতে রাজি নয় তারা। অবশ্য এমবাপ্পেকে ধরে রাখতে না পারলে হয়তো গল্পটা ভিন্ন হতেও পারত। মেসি-রোনালদোকে একই ক্লাবে দেখার স্বপ্নও পূরণ হতো ফুটবলপ্রেমীদের। যদিও কয়েকদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছিল, রোনালদোর সঙ্গে পিএসজিতে ড্রেসিং রুম ভাগাভাগি করতে চান না মেসি। বিষয়টি নিয়ে পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিজের আপত্তির কথা জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

এর আগে জানা গিয়েছিল রোনালদোর বিষয়ে বায়ার্নের আগ্রহের কথা। রবার্ট লেভানদোভস্কিকে হাতছাড়া হলে, বিকল্প হিসেবে তারা দলে ভেড়াবেন পর্তুগিজ তারকাকে। তবে পোলিশ তারকা দলে থাকায় রোনালদোর বিষয়ে তাদের মধ্যে আর কোনো আগ্রহ নেই। ক্লাবের প্রধান নির্বাহী অলিভার কানও জার্মানির ফুটবলবিষয়ক ম্যাগাজিন কিকারকে জানিয়েছিলেন, নিজেদের দর্শন থেকে সরে এসে বাড়তি বেতনে রোনালদোকে দলে টানতে চায় না বায়ার্ন।

দলবদলের বাজারে অবশ্য রোনালদোকে নিয়ে বেশি গুঞ্জন দেখা গেছে চেলসিকে ঘিরে। চেলসির নতুন মালিক টড বোয়েলির সঙ্গেও কথাবার্তা বলে রেখেছিলেন রোনালদোর মুখপাত্র মেন্ডেস। বোয়েলিও রোনালদোকে পেতে চান বলে ইউরোপের বেশকিছু সংবাদমাধ্যম খবর ছেপেছিল। কিন্তু ব্লুজদের কোচ টমাস টুখেল নাকি রোনালদোকে চান না নিজের ডেরায়। তাই সেখান থেকেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এর আগে উচ্চ বেতনের কারণে দুই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও এসি মিলান রোনালদোর বিষয়ে আলোচনার আগ্রহ দেখায়নি। অবশ্য পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন রোনালদোকে এখনও পেতে আগ্রহ বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এন-কে

Feb2

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, নাসির উদ্দিন আহমেদসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ১৫৫ জন উপকারভোগীকে পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী উদ্বোধনের সঙ্গেসঙ্গেই উপকারভোগী এই টাকা মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে সরাসরি ভাতার অর্থ পৌঁছে যায়।

পরে অনুষ্ঠান মঞ্চে ১৫৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, বিশেষ সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা প্রশিক্ষণ অনুদান, ক্ষুদ্র জাতিস্বত্বা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়নে এককালীন আর্থিক অনুদান, নৃগোষ্ঠী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান, চা শ্রমিকদের জন্য টেকসই আবাসনের বরাদ্দপত্র অনুদানের চেক উপকারভোগীর মধ্যে বিতরণ করেন প্রধানমন্ত্রী।

ফ্যামিলি কার্ডের উপকারভোগী গিতা রাণী কর জানান, ফ্যামিলি কার্ডের টাকা দিয়ে বাচ্চার লেখাপড়ার খরচ চালাবেন। একইসঙ্গে হাঁস-মুরগি কিনে লালন-পালন করে স্বাবলম্বী হবেন। ফ্যামিলি কার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ৫ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি মো. আবীরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় দেন।

এ সময় আদালতে আসামি আবির উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আসামি আবীর আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট, আলামত উদ্ধার এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হ‌ওয়ায় আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ অর্থদণ্ড, অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, আদালত পর্যবেক্ষণে বলেছেন, এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত, নিষ্ঠুর নৃশংস, নির্মম ও সমাজে আতঙ্ক সৃষ্টিকারী ক্রাইম পেট্রোল থেকে উদ্বুদ্ধ হয়েছে।’

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি জালাল উদ্দিন জানান, মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন। যুক্তিতর্ক শেষে আদালত রায় এই দিয়েছেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে আলিনা ইসলাম আয়াত ২০২২ সালের ১৫ নভেম্বর নিখোঁজ হয়। এ ঘটনায় ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পরিবারের আবেদনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করে।

তদন্তে উঠে আসে, আয়াতকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন তাদের বাসার ভাড়াটে মো. আবির। ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেন।

পিবিআই সূত্র জানায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করা হয়েছিল। পরে পরিকল্পনা ভেস্তে গেলে তাকে হত্যা করা হয়। পরে তার খণ্ডিত মরদেহ সাগরপাড় ও খালের পাশে ফেলে দেওয়া হয়।

তদন্ত শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক মনোজ দে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে মো. আবির ও তার ১৭ বছর বয়সী এক বন্ধুকে আসামি করা হয়। তিনি কিশোর হওয়ায় আলাদাভাবে শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে চট্টগ্রামের যেসব এলাকায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে চট্টগ্রামের যেসব এলাকায়

চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজের জন্য চট্টগ্রাম ওয়াসার ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে আগামী রোববার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন শাটডাউন (বন্ধ) রাখা হবে।

বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের কাজের জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় আরাকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও তৎসংলগ্ন এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালী এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। পাশাপাশি আগাম প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ করে রাখার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।