নাপোলি থেকে সেনেগালের ডিফেন্ডারকে দলে টানল চেলসি
রিয়াল মাদ্রিদে আন্টোনিও রুডিগার এবং বার্সেলোনায় আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চলে যাওয়ায় রক্ষণের শক্তি কমে গেছে ইংলিশ ক্লাব চেলসির। সেই ঘাটতি পোষাতে নাপোলি থেকে সেনেগালের ডিফেন্ডার কালিদৌ কৌলিবালিকে দলে টেনেছে চেলসি।
শনিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে চার বছরের চুক্তিতে কৌলিবালিকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে চেলসি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩১ বছর বয়সী ফুটবলারকে পেতে ৩ কোটি ২০ লাখ পাউন্ড খরচ হয়েছে তাদের।
চলতি গ্রীষ্মে লন্ডনের দলটি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কৌলিবালিকে দলে টানল। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে রাহিম স্টার্লিং যোগ দেন ক্লাবটিতে।
এদিকে ক্লাবে যোগ দিয়েই কৌলিবালি একটি বার্তা দিয়েছে। সবসময় প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন বুকে লালন করতেন কৌলিবালি। চেলসির মতো দলে যোগ দেওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হওয়ায় দারুণ খুশি তিনি।
কৌলিবালি বলেন, ‘চেলসির এই দলের অংশ হতে পেরে আমি খুব খুশি। এটি বিশ্বের একটি বড় দল এবং আমার সবসময়ের স্বপ্ন ছিল প্রিমিয়ার লিগে খেলা। চেলসি আমাকে প্রথম পেতে চেয়েছিল ২০১৬ সালে, সেবার সেটা সম্ভব হয়নি। এবার তারা প্রস্তাব দিলে আমি গ্রহণ করি, কারণ তারা খুব করে চেয়েছিল যেন আমি তাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে আসি।’
কৌলিবালি ২০১৪ সালে নাপোলিতে যোগ দিয়ে তাদের হয়ে খেলেন মোট ৩১৭টি ম্যাচ। এই সময়ে ইতালির দলটির হয়ে দুটি ট্রফি জেতেন তিনি। হয়ে ওঠেন এই সময়ে ইতালির ফুটবলে শীর্ষ ডিফেন্ডারদের একজন।
চারবার সিরি আ’র বর্ষসেরা দলে জায়গা পাওয়া কৌলিবালি ২০১৮-১৯ মৌসুমে হয়েছিলেন প্রতিযোগিতাটির বর্ষসেরা ডিফেন্ডারও।
এন-কে


আপনার মতামত লিখুন