উখিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় তিন সহোদর গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় চুরির অপবাদ দিয়ে মাসুদ পারভেজ (৯) নামে এক শিশুকে নির্যাতনের ঘটনায় তিনজন সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আবছার, শহীদ উল্লাহ ও ইসমাইল।
শনিবার (১৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নির্যাতিত শিশুর মা স্থানীয় মৃত ইসলাম মিয়ার স্ত্রী নুর জাহান জানান, আমার সামনেই আমার অবুঝ শিশুটিকে চুরির অপবাদ দিয়ে তারা তিন ভাই মিলে বর্বর নির্যাতন চালিয়েছে। শুক্রবার দুপুরে নাকি তাদের দোকানে আমার ছেলে চুরি করেছে। কিন্তু আমি কিছু জানি না। শুক্রবার রাত ৮ টার দিকে রাস্তা থেকে আমার ছেলেকে ওরা ধরে নিয়ে বাড়ীতে আটকিয়ে রাখে।
তিনি আরও বলেন, তারা আমার ছেলেকে চড়, থাপ্পড়, লাথি কিল, ঘুষি মেরে শারীরিক নির্যাতন করেছে। এরপর প্লাস দিয়ে হাতের নখ উপড়ে ফেলে। পরে বাচ্চাটির শারীরিক অবস্থা বেগতিক দেখে দ্রুত রাস্তায় রেখে পালিয়ে যায় নির্যাতন কারীরা। রাতে প্রতিবেশীরা উদ্ধার করে শিশু মাসুদ পারভেজকে উখিয়া হাসপাতালে ভর্তি করায়।
স্থানীয়রা জানায়, শিশু মাসুদ পারভেজকে নির্যাতনের বিষয়ে তার মা উখিয়া থানার অফিসার ইনচার্জকে জানায়। পরে শিশুর শারীরিক অবস্থা দেখে ওসি শেখ মোহাম্মদ আলী তাৎক্ষণিক নির্যাতনকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়। শনিবার উখিয়া থানার এস আই পলাশ একদল ফোর্সসহ অভিযান চালিয়ে নির্যাতনকারী ভুলুর পুত্র যথাক্রমে আবছার, শহীদ উল্লাহ ও ইসমাইলকে গ্রেফতার করে। গ্রেফতার আবছারের বিরুদ্ধে এর আগেও নারী-শিশু নির্যাতন দমন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন