সব স্কুলে দেখা যাবে আর্জেন্টিনার বিশ্বকাপের ম্যাচ
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। গ্রুপ ‘সি’তে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নিজেদের বিশ্বকাপ মিশন। আর বিশ্বকাপে আলবিসেলস্তেদের সব ম্যাচ আর্জেন্টিনার সরকারি স্কুলগুলোতে সরাসরি প্রদর্শনের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেইমি পেরসিক।
দেশের সব স্কুলে খেলা প্রদর্শনের ঘোষণা দিয়ে আর্জেন্টিনার এই মন্ত্রী বলেছেন, আর্জেন্টিনায় ছেলেরা বিশ্বকাপের ম্যাচ দেখতে চায়। ম্যাচগুলো স্কুলে দেখানো জরুরি, এগুলোকে তাদের নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গণ্য করতে হবে।
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়ার পর ২৮ বছরের শিরোপা খরা কাঁটিয়েছে মেসি-মারিয়ারা। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় করেছিল তারা।
এদিকে গত জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমাও জয় করেছে মেসি বাহিনী। আর এবার বিশ্বকাপ জিতে ট্রফিটা দুই থেকে তিনে নিতে চায় আর্জেন্টিনা। ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল তারা। এরপর ২০১৪ সালে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি মেসি-হিগুয়েনদের।
বিশ্বকাপের আগে দেখা যেতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ। বিশ্বকাপ বাছাইয়ের সময় এ দুই দেশের বাতিল হয়ে যাওয়া ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বরে। অবশ্য ম্যাচটি খেলা নিয়ে ব্যাপক আপত্তি রয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ের হিসাব মিটমাট হয়ে যাওয়ায় এখন ম্যাচটি খেলতে অনীহা রয়েছে আর্জেন্টিনার। তবে ফিফার নির্দেশ, ম্যাচটি ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে।
এন-কে


আপনার মতামত লিখুন