ভেনেজুয়েলাকে উড়িয়ে সেমিফাইনালের পথে ব্রাজিল, কপাল খুলল আর্জেন্টিনারও
পেলে-রোনালদোর দেশের মেয়েরাও ফুটবলে কম যায় না। মেয়েদের কোপা আমেরিকার সফলতম দলও তো তারাই। চলতি কোপা আমেরিকায়ও রীতিমতো অপ্রতিরোধ্য তারা। সে ধারাবাহিকতা বজায় রেখে ভেনিজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এর আগে আর্জেন্টিনা ও উরুগুয়েকেও উড়িয়ে দিয়েছে তারা।
সোমবার (১৮ জুলাই) রাতে কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় ব্রাজিল ও ভেনেজুয়েলা। আগের দুই ম্যাচেই দুই দল জয়ের দেখা পাওয়ায় এই ম্যাচ ছিল এগিয়ে যাওয়ার। সে লড়াইয়ে স্কার্ট পরা পেলে খ্যাত মার্তার দেশের মেয়েদের কাছে পাত্তাই পায়নি প্রতিপক্ষ দলটি।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ২২ মিনিটের মাথায় ব্রাজিলকে লিড এনে দেন বিয়াত্রিজ জেনেরাতো। প্রথমার্ধে এই এক গোল নিয়েই বিরতিতে যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশটির মেয়েরা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর গোলের জন্য বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। ৫১ মিনিটে ব্যবধান বাড়ান অ্যারি বোর্জেস। এরপর আর এই অর্ধে পাত্তাই পায়নি ভেনেজুয়েলা। প্রথম দুই ম্যাচে গোল করা দেবিনহা এতক্ষণ চুপচাপ ছিলেন। এবার জ্বলে উঠলেন তিনিও। সাত মিনিটের মধ্যেই করলেন দুই গোল। ৫৮ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তিনি। এরপর ৬৫ মিনিটে দলের চতুর্থ গোলটাও এলো তার পা থেকেই।
এই জয়ে তিন ম্যাচের সবকয়টিতে জয় নিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকার এককভাবে শীর্ষে উঠেছে ব্রাজিল। বড় হারে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ভেনেজুয়েলা।
ব্রাজিলের কাছে বড় হারে টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনার জন্য ব্রাজিলের এই জয় আশীর্বাদ হয়ে এসেছে। ভেনেজুয়েলার বড় হারে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। তাতে সেমিফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে।
এর আগের দুই ম্যাচে ব্রাজিল ৪-০ ও ৩-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা ও উরুগুয়েকে। প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল ভেনেজুয়েলাও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।
এন-কে


আপনার মতামত লিখুন