দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলবে ভারতীয় ক্রিকেটাররা!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাত ধরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের যে জনপ্রিয়তার সূচনা, তা আরও ছড়িয়ে দিয়েছে বিগব্যাশ, পিএসএল বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টগুলো। তবে দক্ষিণ আফ্রিকাকে ব্যর্থই বলা যায় এ ক্ষেত্রে। দুবারের প্রচেষ্টায়ও সফল কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করতে পারেনি তারা। তবে এবার আটঘাট বেঁধে নেমে পড়েছে তারা। জানুয়ারিতে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের সব কটি দল কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তাতে প্রথমবারের মতো সম্ভাবনা জেগেছে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার। এমনটাই জানিয়েছে ভারতীয় দৈনিক দ্য হিন্দু।
২০০৮ সালে আইপিএল মাঠে গড়ানোর পর ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন। ওয়ানডে ক্রিকেটকে ছাপিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট পরিণত হয়েছে জনপ্রিয়তম সংস্করণে। আর আইপিএল তো সব ধরনের খেলার মধ্যেই অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের একটি।
আইপিএলের জনপ্রিয়তা দেখে অস্ট্রেলিয়ায় চালু হয় বিগব্যাশ, বাংলাদেশে বিপিএল, পাকিস্তানে পিএসএল, ক্যারিবিয়ানে সিপিএল। অন্যান্য দেশও চালু করে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। তবে এর কোনোটাই আইপিএলের জনপ্রিয়তাকে ছুঁতে পারেনি। এর অন্যতম কারণ, এসব প্রতিযোগিতায় ভারতীয় ক্রিকেটারের অনুপস্থিতি।
আইপিএলে পাকিস্তানি ক্রিকেটার ব্যতীত সব দেশের ক্রিকেটারকে খেলতে দেখা গেলেও ভারতীয় ক্রিকেটারদের ওপর বিদেশি লিগে খেলার বিষয়ে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর নিষেধাজ্ঞা রয়েছে। মূলত আইপিএলের ব্রান্ডভ্যালু সবার ওপরে রাখতেই এ সিদ্ধান্ত।
তবে এবার এ দৃশ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা জেগেছে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যেতে পারে কোহলি-রোহিত শর্মার দেশের ক্রিকেটারদের। নেপথ্যের কারণটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
দক্ষিণ আফ্রিকায় জানুয়ারিতে শুরু হতে যাওয়া লিগ ছয়টি বড় শহরের ছয়টি দল নিয়ে মাঠে গড়াবে। আর এই ছয় দলেরই মালিকানা কিনেছে আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি গ্রুপ। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মালিকরা কিনেছে দক্ষিণ আফ্রিকার লিগের দল। এই লিগের দল ছয়টি হচ্ছে: জোহানেসবার্গ, কেপটাউন, পোর্ট এলিজাবেথ, প্রিটোরিয়া, পার্ল ও ডারবান।
সবচেয়ে বেশি অর্থ দিয়ে জোহানেসবার্গ ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে চেন্নাই সুপার কিংসের মূল প্রতিষ্ঠান চেন্নাই সুপারকিংস স্পোর্টস লিমিটেড। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনেছে কেপটাউন ফ্র্যাঞ্চাইজি। সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান টিভি গ্রুপ কিনেছে পোর্ট এলিজাবেথের ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ কিনেছে ডারবানের ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়াও রাজস্থান রয়্যালসের মালিকরা কিনেছে পার্ল ফ্র্যাঞ্চাইজিটি। প্রিটোরিয়ার দলটি কিনেছে দিল্লি ক্যাপিটালসের সহস্বত্বাধিকারী জিন্দাল গ্রুপের জিন্দাল সাউথ ওয়েস্ট স্পোর্টস।
দীর্ঘদিন থেকে অন্যান্য টেস্ট খেলুড়ে দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে আসছে তাদের দেশের লিগে ভারতীয় তারকাদের খেলার অনুমতি দিতে। এবার অবশেষে সাড়া দিচ্ছে তারা। দক্ষিণ আফ্রিকার এই লিগে ভারতীয় ক্রিকেটারদের সীমিত পরিসরে খেলার অনুমতি দিতে চায় বিসিসিআই। তবে অনুমতি দিলেও সেখানে কোহলি বা রহিত শর্মার মতো পারফর্মাররা খেলতে পারবেন না। মূলত তরুণ ও ক্যারিয়ার সায়াহ্নে থাকা ক্রিকেটাররাই এ সুযোগ পাবেন।
বিসিসিআইয়ের নমনীয়তার পেছনে যে দক্ষিণ আফ্রিকার লিগ, তা বলাই বাহুল্য। তবে এতে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার সুযোগ হবে। বয়স্ক ও তরুণদের জন্য খুলে যাবে বিদেশি লিগের দরজা। হিন্দু জানিয়েছে, আগামী দুই মাসের ভেতরেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।
এন-কে


আপনার মতামত লিখুন