আফগানদের নতুন কোচ ট্রট
আফগানিস্তানের ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রট। ৪১ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রথমবারের মতো কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন।
মাত্র চার মাস আগে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় গ্রাহাম থর্প। তবে অসুস্থতার কারণে দায়িত্ব নিতে পারেননি ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান। এবার আবারও আরেক ইংলিশ ম্যানকেই দলের প্রধান কোচ নিযুক্ত করল এসিবি।
আসন্ন আয়ারল্যান্ড সফর দিয়ে নতুন মিশনে নামবেন ট্রট। এর আগে ৪১ বছর বয়সী ট্রট দুই বছর ধরে স্বল্প মেয়াদে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করে যাচ্ছেন।
দলের প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট। দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম রোমাঞ্চকর একটি দলের কোচ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি রোমাঞ্চিত। দুর্দান্ত খেলে ফল বের করে আনার সামর্থ্য থাকা একদল খেলোয়াড়ের সঙ্গে কাজ করার জন্য আমার তর সইছে না। তারা আফগানিস্তানের মানুষকে গর্বিত করবে।’
ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্ট এবং ৬৮ ওয়ানডে খেলেছেন ট্রট। টেস্টে ৩৮৩৫ এবং ওয়ানডেতে করেছেন ২৮১৯ রান।
আফগানিস্তান বর্তমানে টি-টোয়েন্টি ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশম অবস্থায় আছে। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিতলে র্যাঙ্কিংয়ে এগোতে পারে তারা।
এন-কে


আপনার মতামত লিখুন