পরিবেশ অধিদপ্তরের পরিচালক জরিমানা করলেন কারখানা মালিককে
বন্দর নগরী চট্টগ্রামের নাছিরাবাদ বিসিক শিল্পনগরী এলাকাতে পরিবেশ অধিদপ্তর তরল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে সাফড্রেস ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার ৮০ টাকা জরিমানা করেছে।
৩ আগস্ট (বুধবার) কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস। সাতদিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে ধার্যকৃত টা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, গত ২৯ জুন সাফড্রেস ফ্যাক্টরি পরিদর্শনকালে তাদের ইটিপি অকার্যকর পাওয়া যায়। তারও আগে গত বছরের ৬ অক্টোবর অভিযান চালিয়ে কারখানাটির তরল বর্জ্যের ফলাফল মানমাত্রার বাইরে পাওয়া যায়। অপরিশোধিত তরল বর্জ্য পাশের খালে ফেলা হয়। এতে ওই এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে।
কারখানাটিকে একাধিকবার সতর্ক করা হয়েছে। তারা বিষয়টি কর্ণপাত না করে ইটিপি অকার্যকর রেখে এবং পরিবেশগত ছাড়পত্র নবায়ন না রেখে তাদের কাজ করে আসছিল। বুধবার তাদের শুনানিতে ডাকা হয়। কারখানাটির মালিকের উপস্থিতিতে শুনানিতে তাদের ১ লাখ ৯০ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
জে-আর


আপনার মতামত লিখুন